বিষয়বস্তুতে চলুন

পাতা:ভোঁদড় বাহাদুর - গগনেন্দ্রনাথ ঠাকুর (১৯৫৬).pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ঠিক মাঝখানে প্রকাণ্ড পান্নার বেদীর উপরে চমৎকার একটি ছোট মানিকের সিংহাসন, আর তার পাশে একটি পাখির দাঁড়।

 আমরা বেদীর সিঁড়ির নিচের ধাপে বসে আছি, এমন সময় আমার কোলে টপ করে কি একটা পড়ল— সেটা হাতে নিয়ে দেখলুম, একটি সোনার কৌটো, কিন্তু কি করে যে সেটা খুলতে হয়, বুঝতে পারলুম না। সকলেই সেটা খুলতে চেষ্টা করলে, কিন্তু কিছুতেই খুলতে পারলে না। এমন সময় হঠাৎ চোখে পড়ল, সিংহাসনের তলায় একটি শাদা বেড়াল গুড়িশুড়ি মেরে ঘুমোচ্ছে। ভোঁদড়দাদা তার কাছে গিয়ে অনেক ঠেলাঠেলি করে তাকে জাগিয়ে জিগগেস করলে, “ঘর থেকে কি করে বেরুব, তার সন্ধান বলে দে।”

 বেড়াল হাই তুলে “ফুঁ দাও, ফুঁ দাও” করতে-করতে আবার ঘুমিয়ে পড়ল।

 আমরা ঘরের চারদিকে ফু দিয়ে বেড়াতে লাগলুম। ফুঁ দিতে-দিতে আমাদের চোয়াল ধরে গেল, তবুও ঘর থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাওয়া গেল না।

৬৯