এবং সুরা ঢালিবার সময় বৃদ্ধ যদি তাহা দেখিতে না পাইয়া তাহাতেই সুরা ঢালিয়া পান করিয়া থাকেন, তাহা হইলে হইতে পারে।
দ্বিতীয় চিন্তা, বৃদ্ধ সুরার সহিত বিষ পান করিয়া আত্মহত্যা করেন নাই ত? যদি তিনি আত্মহত্যাই করিবেন, তাহা হইলে আহারাদির পর শয়ন করিতে যাইবার সময়ে আত্মহত্যা করিবেন কেন? আর কি দুঃখেই বা তিনি আত্মহত্যা করিবেন? তাহার ত এরূপ কোন দুঃখ এখন পর্য্যন্ত দেখিতে পাইতেছি না, যাহার নিমিত্ত তিনি আত্মহত্যা করিতে পারেন। আর আত্মহত্যা করিবার নিমিত্ত তিনি প্রুসিক এসিড কোথা হইতে এবং কিসে করিয়াই আনিলেন? যদি তিনি আত্মহত্যা করিতেন, তাহা হইলে যে পাত্রে তিনি প্রুসিক এসিড সংগ্রহ করিয়া আনিয়াছিলেন, বা যাহা হইতে তিনি উহা গ্লাসে ঢালিয়াছিলেন, তাহা নিশ্চয়ই এই স্থানে পাওয়া যাইত। এইরূপ অবস্থায় তিনি যে আত্মহত্যা করিয়াছেন, তাহাই বা কিরূপে অনুমান করা যাইতে পারে? যাহা হউক, লাইব্রেরী ঘরটী একবার অনুসন্ধান করিয়া দেখা কর্ত্তব্য; কারণ যদি তিনি আত্মহত্যাই করিয়া থাকেন, তাহা হইলে বিষের পাত্র তাহার মধ্যে কোন না কোন স্থানে নিশ্চয়ই পাওয়া যাইবে। তদ্ব্যতীত যদি তিনি কোন পত্রাদিও লিখিয়া গিয়া থাকেন, তাহাও কোন না কোন স্থানে থাকিবার সম্ভাবনা।
লাইব্রেরীর মধ্যে একপার্শ্বে একখানি টেবিল ছিল। কোন রূপ লেখাপড়া করিতে হইলে তিনি সেইস্থানে বসিয়া লেখাপড়া করিতেন ও লেখাপড়া করিবার কাগজপত্র ঐ টেবিলের