বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
দারোগার দপ্তর, ১০৯ সংখ্যা।

ঘরের মধ্য হইতে এই অবস্থা দেখিতে পাইয়া, তাঁহাকে ঘরের ভিতরে আসিতে কহিলে, তিনি আপন মস্তক হইতে টুপি উন্মুক্ত করিয়া দূর হইতে সেলাম করিয়া, বিশেষ আদব কায়দার সহিত সেই ঘরের মধ্যে প্রবেশ করিলেন। মেরি তাঁহাকে একখানি চেয়ার দেখাইয়া দিয়া বসিতে বলায়, তিনি যেন আপনাকে বিশেষ কৃতার্থ মনে করিলেন এবং সেই চেয়ারের একটীমাত্র কোণ অবলম্বন করিয়া এরূপ ভাবে উপবেশন করিলেন যে, তাঁহার দেহের ভর যেন তাঁহার দেহেই রহিয়া গেল, চেয়ার যেন তাহার কিছুই উপলব্ধি করিতে পারিল না।

 সেইস্থানে বসিয়া সেই খুনী মোকদ্দমার অনুসন্ধান-কারী ইংরাজ কর্ম্মচারীর সহিত একজন বয়স্থা মিসের খুনীর অনুসন্ধান সম্বন্ধে যেরূপ কথাবার্ত্তা হইল, তাহা পাঠকগণ জানিতে চাহেন কি?

 ইং কর্ম্মচারী। জুবেয়ার আপনার পিতা?

 মিস্ মেরি। হাঁ।

 ইং কর্ম্ম। আপনার কি বিবেচনা হয়,— জুবেয়ারকে কেহ হত্যা করিয়াছে, কি তিনি আত্মহত্যা করিয়াছেন?

 মিস্। কেহ হত্যা করিয়াছে বলিয়া আমার অনুমান হয় না। আমি ভিন্ন যাঁহার আর কেহ নাই, অথচ যিনি সংসারের সহিত একরূপ সম্পর্ক পরিত্যাগ করিয়াছেন, তাঁহাকে হত্যা করিবার যে কাহারও স্বার্থ আছে, তাহা আমার বোধ হয় না। বোধ হয়, তিনি আত্মহত্যা করিয়া থাকিবেন।

 ইং কর্ম্ম। আত্মহত্যার কারণ?