বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিস্ মেরি।
২৯

 “আপনার সহিত আমার সে দিবস যে সকল কথা হইয়াছিল, তাহা বোধ হয় আপনার বেশ মনে আছে। আপনার সেই কথা অনুযায়ী আমি একখানি উইলের খসড়া প্রস্তুত করিয়াছি। উহাতে আমার সমস্ত বিষয় কিরূপে ও কাহাকে কাহাকে প্রদান করিতে চাহি, কেবলমাত্র তাহারই মোটামুটি লেখা আছে। ইহা দেখিলেই আপনি আমার মনের ভাব অবগত হইতে পারিবেন, ও সেইরূপ একখানি উইল দস্তুর মত লেখা পড়া করিয়া আমার নিকট পাঠাইয়া দিবেন। আমার যেরূপ বয়ঃক্রম হইয়াছে ও শরীরের অবস্থা দিন দিন যেরূপ হইতেছে, তাহাতে আমি যে অধিক দিন বাঁচিব, তাহা বোধ হয় না। এরূপ অবস্থায় আমার কর্ত্তব্য, আমার বিষয়াদি যাহা আছে, তাহার একটী বন্দোবস্ত করিয়া যাই। এই নিমিত্ত আমি উইল করিতে চাই। যত শীঘ্র পারেন, আমার কার্য্য শেষ করিয়া দিবেন। উইল লিখিবার সময় আর কোন বিষয় জানিবার যদি আপনার প্রয়োজন হয়, তাহা হইলে আমার সহিত আর একবার সাক্ষাৎ করিয়া সমস্ত অবস্থা জানিয়া লইবেন। আমি সমস্ত দিবসের মধ্যে প্রায়ই বাহিরে যাই না, সর্ব্বদাই আপন বাড়ীতে উপস্থিত থাকি। এই উইলের বিষয় এখন যেন কেহ কোনরূপে অবগত হইতে না পারেন, ইহা যেন বিশেষরূপ গোপন থাকে। আমার ইচ্ছা আছে, উইল প্রস্তুত হইলে আমি উহা রেজেষ্টারী করিয়া রাখিব, এবং আসল উইলও আপনাদিগের আফিসে থাকিবে। আমার মৃত্যুর পর উইলের মর্ম্মানুসারে আমার উত্তরাধিকারীগণকে আপনারা সংবাদ প্রদান করিয়া তাহাদিগকে সমস্ত সম্পত্তি বুঝাইয়া দিবেন।”