বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
দারোগার দপ্তর, ১০৯ সংখ্যা।

অবস্থায় পরিত্যাগ করিয়া, যাহাতে আমাকে সেই যুদ্ধে গমন করিতে না হয়, তাহার নিমিত্ত আমি বিশেষ রূপ চেষ্টা করি; কিন্তু কোনরূপেই কৃতকার্য্য হইতে না পারিয়া, আমার পীড়িত পত্নীকে সেই স্থানে পরিত্যাগ করিয়া, আমাকে সেই যুদ্ধে গমন করিতে হয়। কিন্তু ভগবানের কৃপায় সেই যুদ্ধে আমাকে অধিক দিবস ব্যাপৃত থাকিতে হয় না; দুই এক মাসের মধ্যেই উহা শেষ হইয়া যায়। আমিও আপন স্থানে প্রত্যাগমন করিতে সমর্থ হই। যে সময় আমি প্রত্যাগমন করি, সেই সময় পর্য্যন্ত আমার স্ত্রী সম্পূর্ণ রূপে আরোগ্য হইতে পারেন না। আমি যে দিবস যুদ্ধ হইতে প্রত্যাগমন করি, তাহার পরদিবসেই আমি আপনার চাকরি পরিত্যাগ করিয়া, আজমীরের সন্নিকট একটা স্থানে একখানি বাড়ী খরিদ করিয়া, সেই স্থানে বাস করিতে আরম্ভ করি। যে স্থানে আমি আমার বাসস্থান সংস্থাপিত করি, সেই স্থান এখন ইংরাজ অধিবাসীবর্গের দ্বারা প্রায় পূর্ণ হইয়া গিয়াছে। সেই স্থানে বাস করিবার পর, আমার একটী পুত্র জন্ম গ্রহণ করে। তাহাকে আমি আমার সাধ্যমত লেখা পড়া শিখাইতে আরম্ভ করি এবং একটু বড় হইলে তাহাকে বিলাতে পাঠাইয়া দিয়া, তাহাকে ডাক্তারি বিদ্যায় পারদর্শী করিয়া লই। ডাক্তারি শিক্ষা করিয়া আমার পুত্র পুনরায় আজমীরে আগমন করে এবং আমার বাড়ীতেই অবস্থিতি পূর্ব্বক ডাক্তারি ব্যবসা আরম্ভ করে। এখনও তিনি সেই স্থানে অবস্থিতি করিয়া ডাক্তারি করিতেছেন। সেই স্থানের ভদ্র-ইংরাজ সমাজের মধ্যে তাহার এখন বিশেষ রূপ প্রাধান্য হইয়াছে। তিনি বিবাহ করিয়াছেন, দুইটী পুত্রও জন্মিয়াছে।