করিতে হইলে মিস্ মেরিকে ভাল করিয়া জিজ্ঞাসাবাদ করা, বা তাহাকে গ্রেপ্তার করার প্রয়োজন হইয়া পড়িল। কিন্তু এই কার্য্য এদেশীয় কর্ম্মচারীগণের দ্বারা সম্পন্ন হওয়া কোনরূপেই কর্ত্তব্য নহে; সুতরাং এই অনুসন্ধানে হস্তক্ষেপ করিতে হইলে ইংরাজকর্ম্মচারীর সাহায্য গ্রহণ করা কর্ত্তব্য। আমাদিগের সহিত কয়েকজন ইংরাজকর্ম্মচারীও নিযুক্ত ছিলেন। এ কথা তাঁহাদিগকে কহিলে, তাঁহারা হাস্য করিয়া আমাদিগের কথা একবারেই উড়াইয়া দিলেন ও কহিলেন “বিলাতীয় মিস্ মেরি তাঁহার পিতাকে হত্যা করিয়াছে, এ কথা কি কখন হইতে পারে? এরূপ অস্বাভাবিক অনুসন্ধানে আমরা কিছুতেই হস্তক্ষেপ করিতে সমর্থ নহি।” আমাদিগের সমপদস্থিত ইংরাজ কর্ম্মচারিগণের মুখ হইতে এই কথা শুনিয়া আমরা আমাদিগের মনের ভাব আমাদিগের ঊর্দ্ধতন কর্ম্মচারিগণের মধ্যে দুই এক জনকে কহিলাম। দেখিলাম তাঁহারাও ইংরজি-কর্ম্মচারিগণের মতের অনুমোদন করিলেন ও আমরা যে মহাভ্রমে পতিত হইয়াছি, তাহাই আমাদিগকে বুঝাইয়া দিতে চেষ্টা করিতে লাগিলেন।
এই অবস্থা দেখিয়া আমরা তাঁহাদিগকে আর কোন কথা কহিলাম না আস্তে আস্তে সেইস্থান হইতে প্রস্থান করিলাম। আমরা সেই স্থান হইতে ইংরাজ-কর্ম্মচারীর অন্তরালে গমন করিলাম সত্য; কিন্তু আমাদিগের মনের ভাব একবারে পরিত্যাগ করিতে পারিলাম না। আমাদিগের মধ্যে কোন কোন কর্ম্মচারী কহিলেন “যখন দেখিতেছি যে, আমাদিগের ঊর্দ্ধতন কর্ম্মচারিগণ পর্য্যন্ত আমাদিগের বিপক্ষে অভিমত প্রকাশ