বিষয়বস্তুতে চলুন

পাতা:মুচিরাম গুড়ের জীবনচরিত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুচিরাম গুড়ের জীবনচরিত
৩১

হয় ত এক ঘা চাবুক দিবে, যদি বলে যে, ভাল আছে, তাহা হইলে সাহেব হয় ত ডুড়্‌বেক্কাকে ডাকিয়া আনিতে বলিবে; তাহা হইলে কি করিবে? চাসা ভাবিয়া চিন্তিয়া উত্তর করিল, “বেমার আছে।”

 “বেমার—Sick?” সাহেব ভাবিতে লাগিলেন, “Well, there may be much sickness without there being any scarcity—the fellow does not understand perhaps; these people are so dull—I say ডুড়্‌বেক্কা কেমন আছে—অঢিক আছে কিংবা অল্প আছে?”

 এখন চাসা কিছু ভাব পাইল। স্থির করিল যে, এ যখন সাহেব, তবে অবশ্য হাকিম। (সে দেশে নীলকর নাই) হাকিম যখন জিজ্ঞাসা করিতেছে যে, ডুড়্‌বেক্কা অধিক আছে, কি অল্প আছে—তখন ডুড়্‌বেক্কা একটা টেক্সের নাম না হইয়া যায় না। ভাবিল, কই, আমরা ত ডুড়্‌বেক্কার টেক্স দিই না; কিন্তু যদি বলি, আমাদের গ্রামে সে টেক্স নাই—তবে বেটা এখনই টেক্স বসাইয়া যাইবে। অতএব মিছা কথা বলাই ভাল। সাহেব পুনরপি জিজ্ঞাসা করিলেন, “টোমাডের গ্‌ড়ামে ডুড়্‌বেক্কা অঢিক কিম্বা অল্প আছে?”

 চাসা উত্তর করিল, “হজুর, আমাদের গাঁয়ে ভারি ডুড়্‌বেক্কা আছে।”

 সাহেব ভাবিলেন, “Humph! I thought as much—” পরে বাগানে যে সকল লোক খাইতেছিল, তৎপ্রতি অঙ্গুলিনির্দ্দেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, “কে বোজন করিল?” (উদ্দেশ্য “ভোজন করাইল”)

 চাসা। প্রজারা ভোজন কোচ্ছে।

 সাহেব চটিয়া, “টাহা আমি জানে—They eat, that I see—but who pays?—টাকা কাহাড়?”

 এখন সে চাসা জানে যে, যত টাকা আসিতেছে, সকলই জমীদারের সিন্দুকে যাইতেছে; সে নিজেও কিছু দিয়া আসিয়াছিল—অতএব এবার বিনা বিলম্বে উত্তর করিল, “টাকা জমীদারের।”

 সাহেব। Ah! there it is; they do their duty—how it is that some people find pleasure in maligning them? জমীদারের নাম কি?

 চাসা। মুচিরাম রায়।

 সাহেব। কট ডিবস বোজন কড়িয়াছে?