বিষয়বস্তুতে চলুন

পাতা:মেকি লোক - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ।
১১

থিয়েটারে গমন করেন। কর্ম্মচারী যেস্থানে রাত্রে বাস করিতেন, সেই স্থানে আর দ্বিতীয় ব্যক্তির থাকিবার স্থান ছিল না। সুতরাং মনিবকে বলিয়া তিনি দোকানের চাবি আপনার নিকট রাখিয়া দিয়াছিলেন। সিন্দুকের চাবি তাঁহার মনিব নিজে লইয়া গিয়াছিলেন। তাঁহারা উভয়ে যখন থিয়েটার দেখিয়া প্রত্যাগমন করেন, তখন রাত্রি প্রায় ১টা, সেই সময় দোকানের চাবি খুলিয়া তাঁহারা দোকানের ভিতর শয়ন করেন। সেই রাত্রে যে তাঁহারা শয়ন করিয়া আছেন, তাহা কেহ জানিত না, সকলেই জানে, ঐ দোকানে কেহ থাকে না। ঐ দোকানটা একখান একতালা পাকা বাটীতে।

 রাত্রি যখন দুইটা, সেই সময় ঐ দোকানের ছাদের উপর এরূপ শব্দে তাঁহাদের নিদ্রাভঙ্গ হয়। কর্ম্মচারী ইতিপূর্ব্বে শুনিয়াছিলেন যে, কয়েকখানি দোকানে চোর ছাদ কাটিয়া দোকানের ভিতর প্রবেশ পূর্ব্বক চুরি করিয়াছে; এই কথা তাঁহার হঠাৎ মনে হওয়ার তিনি নিঃশব্দে আপন সমভিব্যাহারীর সহিত গাত্রোত্থান করেন ও আস্তে আস্তে তালা যাহা তিনি ভিতর হইতে বন্ধ করিয়া দিয়াছিলেন, তাহা খুলিয়া দোকানের বাহিরে আসেন ও ঐ তালা ঐ দোকানে বাহির হইতে আস্তে আস্তে বন্ধ করিয়া সেই স্থান হইতে প্রস্থান করেন। সেই স্থান হইতে থানা বহুদূরে অবস্থিত নহে। তিনি
দ্রুতগতি থানায় গিয়া এই সংবাদ প্রদান করেন।

 এই সংবাদ পাইবামাত্র থানা হইতে কয়েকজন কর্ম্মচারী, কয়েকজন প্রহরী ও একখানি বাঁশের সিঁড়ি লইয়া সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। তখনও দোকানে তালা বন্ধ ছিল। দোকানের সম্মুখে কয়েকজন প্রহরীকে রাখিয়া, দোকানের ছাদের গায় ঐ সিঁড়ি স্থাপিত করিয়া দ্রুতপদে কয়েকজন ঐ ছাদের উপর আরোহণ করিলেন। এই সকল কার্য্য পুলিস-কর্ম্মচারীগণ এত শীঘ্র সম্পন্ন করিয়াছিলেন যে, চোরগণ ইহার কিছুমাত্র পূর্ব্বে অবগত হইতে পারে নাই। ছাদের উপর তিনজন পুলিসকে উঠিতে দেখিয়া, তাহারা পরস্পর সংলগ্ন ছাদ দিয়া এরূপ দ্রুত পলায়ন করিল যে কয়েকজন কর্ম্মচারী তাহাদিগের পশ্চাৎ পশ্চাৎ অনেক দূর গমন করিয়া তাহাদিগকে ধরিতে পারিলেন না, তাহারা উহাদিগের সম্মুখ হইতেই অন্তর্ধান হইয়া গেল।

 ছাদের উপর উঠিয়া দেখা গেল, ছাদ কাটিয়া একটী প্রকাণ্ড গর্ত্ত করা হইয়াছে। উহা দিয়া কোনরূপ দড়ি প্রভৃতির সাহায্যে দোকানের ভিতর অনায়াসেই নামিয়া যাওয়া যায়। উহার নিকটে ছাদের উপর দড়ির প্রস্তুত একটী সিঁড়ি পাওয়া গেল। উহা উপর হইতে ধরিলে উহার সাহায্যে দোকানের ভিতর নামা উঠা যাইতে পারে।