বুঝিতে পারেন যে, তাঁহারা উহাদিগকে উত্তমরূপে চিনিতে পারিয়াছেন, কিন্তু কেহ কোন কথা স্পষ্ট করিয়া বলিতেছেন না।
অধীন কর্ম্মচারিগণের অবস্থা দেখিয়া প্রথমতঃ তিনি কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না, কেন তাঁহারা ওরূপ ভাব প্রকাশ করিতেছেন, কেনই বা বলিতে সাহস করিতেছেন না উহারা কাহারা? আবার ভাবিলেন, তিনি যাহা মনে করিতেছেন, তাহা কি তবে ঠিক নহে, তবে কি কেহই উহাদিগকে চিনিয়া উঠিতে পারেন নাই, বা অবগত নহেন যে উহারা কাহারা?
পঞ্চম পরিচ্ছেদ।
মনে মনে এইরূপ নানা প্রকার ভাবিয়া ইংরাজ কর্ম্মচারী পরিশেষে ঐ থানার একজন পুরাতন কর্ম্মচারীকে ডাকিয়া কহিলেন, যে দুইজন দস্যু ধৃত হইয়াছে তাহাদিগকে কি আপনি দেখিয়াছেন?
পুরাতন কর্ম্মচারী। হাঁ, দেখিয়াছি, যখন উহারা ধৃত হয়, সেই সময় আমিও সেইস্থানে উপস্থিত ছিলাম।
ইংরাজ কর্ম্মচারী। আপনি কি উহাদিগকে কোন কথা জিজ্ঞাসা করিয়াছেন?
পুঃ ক। না।
ইংক। কেন?
পুঃ ক। উহাদিগকে জিজ্ঞাসাবাদ করিতেইং-ক। আপনি উহাদিগকে চিনিতে পারিয়াছেন, উহারা কাহারা?
পুঃ-ক। কতকটা চিনিতে পারিয়াছি বলিয়া বোধ হইতেছে, কিন্তু আমি ঠিক বলিতে পারিতেছি না?
ইং ক। আপনার কি অনুমান হইতেছে?
পু-ক। আমার অনুমান হইতেছে, যে সময় আমি হোসেন আলির বাড়ীতে টাকা চুরির মকর্দ্দমায় নিযুক্ত ছিলাম ও যে চুরি সম্পূর্ণরূপে মিথ্যা বলিয়া আমার অনুমান হইয়াছিল, সেই সময় আমি ইহাদিগকে সেইস্থানে দেখিয়াছি। আর হোসেন আলির যিনি সর্ব্বপ্রধান কর্ম্মচারী ও যিনি তাঁহার দ্বিতীয় কর্ম্মচারী, তাঁহাদিগের আকৃতির সহিত ইহাদিগের আকৃতির সম্পূর্ণ মিল আছে, তাহাতে কিছু মাত্র সন্দেহ নাই। কিন্তু যাঁহারা বিশেষ সম্মানিত ব্যক্তি, যাঁহাদিগের অর্থের কিছুমাত্র অভাব নাই, তাঁহাদিগের দ্বারা যে এইরূপ নীচ কার্য্য সম্পন্ন হইবে, ইহা আমার বোধ হয় না। বোধ হয়, ইহারা তাহারা নহেন, অপর কাহারাও হইবে।
ইং-ক। এবিষয় স্থির করা নিতান্ত সামান্য কথা, উহাদিগের নিকট হইতে এখনই আমি সমস্ত জানিয়া লইতেছি। আপনি উহাদিগের