বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বাংলার কৃষক

নদীমাতৃক এই বাংলাদেশে
হাড় জিরজিরে কৃষকরা থাকে।
তাদের থাকা আর না থাকা সমান কথা
যেহেতু তারা মানুষ নয়, তারা কৃষক।
একে একে তারা হারিয়েছে
লাঙ্গল, জোয়াল আর ফসলের মাঠ।
এই দেশে তারা থাকে আর প্রোডাকশন দেয়
তারা প্রোডাকশন দেয় চিনাজোঁক কেরানি
শহুরে দালাল আর মণ কয়েক ধান৷
তাদের সন্তানরা কৃষক হয় না,
তারা হয় স্বাধীন শ্রমিক, কর্পোরেট গোলাম,
জঘন্য আমলা অথবা রাজনৈতিক টাউট।
যদি কেউ নিরুপায় কৃষক হয়ে যায়
যদি কেউ নিরুপায় কৃষক হয়েই যায়
পাহাড়ের কান্নায় ভাসান পানিতে স্বপ্ন ভেসে যায়
ফসলের লাভ আগেই চলে যায় কর্পোরেট ছোবলে
ইজারার লম্বা হাত ছিনিয়ে নেয় ভাসানের মাছ
দাদনের জালে তারা স্বজাতির কাছে ফাঁসে।
অপুষ্টিতে বেঁচে থেকে যদি পায় দশ মণ ধান
তার এক মণ বেচে পায় একটি তবন
এক মণ বেচে পায় সিঁদল আর মরিচ-লবণ
বাকি আট মণে চলে আধাপেট সীমিত জীবন।
বাংলাদেশে কৃষকের মুক্তিই জাতীয় মুক্তি,
জেগে ওঠো একতায় মাঠে মাঠে কৃষক।
যেহেতু কৃষিই তোমার সমস্যা আর একান্ত ভরসা,
কর্পোরেট বেশ্যাদের বিরুদ্ধে দাঁড়াও কৃষক।

মেঘের সন্ন্যাস ১৫