বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নিষ্কণ্টক

—১—

 খরস্রোতা প্রবাহিণীর তীরে মনোহর উদ্যান, উদ্যানের মধ্যে মীরমঞ্জিল নামক প্রাসাদ। বাগানে চামেলী, জুঁই, মল্লিকা, গন্ধরাজ, চাঁপা, নাগকেশর ফুলের গাছ, পুষ্করিণীতে জল তক্ তক্ করিতেছে, তাহার পাশ দিয়া বড় বড় ঝাউ গাছের সারি। এক দিকে ফলের গাছ,—আম, জাম, লিচু, কাঁঠাল।

 বাড়ীর বাহিরে সিংহদরজার মত ফটক, সেখান হইতে দুই দিক দিয়া বাড়ীর সদর দরজার পথ আসিয়াছে, দরজার সম্মুখে গাড়ীবারান্দা। বাগানবাড়ী, দোতালা, সব-সুদ্ধ দশ-বারটা বড় বড় ঘর আছে। একটু দূরে মোটর ও গাড়ী রাখিবার ঘর, চাকর-বাকরদিগের থাকিবার ঘর।

 বাড়ীতে লোকজন অধিক ছিল না। নসীর খাঁ নামক একজন ধনী মুসলমান যুবক সে গৃহে বাস করিতেন। দুইজন ভৃত্য, একজন বাবর্চি ও একজন মোটরচালক ছিল। বাড়ীর নীচে নদীর ধারে একটা নৌকার ঘর ছিল। তাহাতে তালা-বন্ধ-করা একটি ছোট বোট, বোটের জন্য একজন মাঝি। নসীর খাঁ কখন মোটরবোটে, কখন মোটরে বেড়াইতে যাইতেন, কখন সঙ্গে লোক থাকিত, কখন একা যাইতেন।