বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৮
রথযাত্রা ও অন্যান্য গল্প

আমার কাছেই আছে, কিন্তু কিছুদিন আর কোথাও রাখিতে পারিলে ভাল হয়। তোমরা একটু অপেক্ষা কর।

 সুলেমান শাহ চলিয়া গেলেন। যখন ফিরিয়া আসিলেন তাঁহার হাতে তিনটি সামগ্রী, দুইটি ছাগচর্ম্মের টুকরা, তাহাতে গাঢ় মসীতে লেখা, আর একটি লোহার নাম খোদাই করা মোহর। তিনটিই অত্যন্ত প্রাচীন, কিন্তু দেখিতে এত সামান্য যে, পথে পড়িয়া থাকিলেও কেহ চুরি করে না। অথচ এই তিনটি সামগ্রী একটা রাজ্যলাভের উপায়, ইহাদের অন্বেষণে কত লোক দিবারাত্র ফিরিতেছে।

 —আমার ইচ্ছা এই তিনটি সামগ্রী আর একত্রে না রাখা হয়, তাহা হইলে সবগুলি একসঙ্গে অপহৃত হইবে না।

 বংশীলালকে সম্বোধন করিয়া সুলেমান শাহ এই কথা বলিলেন।

 বংশীলাল কহিলেন,—হুজুর যেমন আদেশ করিবেন সেইরূপ হইবে। আমাকে যাহা রাখিতে বলিবেন, রাখিব।

 নসীর খাঁ কহিলেন,—আমিও রাখিতে সম্মত আছি।

 সুলেমান শাহ কহিলেন,—যাহারা এই কয়টি জিনিষ চুরি করিয়া কিংবা বলপূর্ব্বক গ্রহণ করিবার চেষ্টা করিতেছে তাহারা জানে, এগুলি আমার কাছে আছে। আমার নিকট হইতে অপহরণ করিবার অনেকবার চেষ্টা করিয়াছে। কিন্তু তোমাদিগকে যে সন্দেহ করিবে না, এমন মনে করিও না। আমাদের কাছে কে আসে যায় সে সন্ধান তাহারা রাখে। তোমরা আমার বিশ্বস্ত বন্ধু, তাহাও তাহারা জানে। যদি তাহাদের সংশয় হয় যে, এই সকল জিনিষ তোমাদের কাছে আছে, তাহা হইলে তোমাদের বাড়ী ত খুঁজিবেই, তোমাদের অন্য আশঙ্কাও আছে।