বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিষ্কণ্টক
১৪৭

 যেদিকে রুস্তম দৌড়িয়া গিয়াছিল সেইদিকে সকলে গিয়া দেখিলেন, যেখানে বাগান বড় অন্ধকার সেইখানে একটা বকুল গাছের তলায় একটা লোক পড়িয়া আছে। খুসরু নামক কুকুর তাহার বুকে দুই থাবা দিয়া চাপিয়া বসিয়া আছে, আর দুইটা কুকুর তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে।

 যে লোকটা মাটিতে পড়িয়াছিল সে মানুষ দেখিয়া আর্ত্তস্বরে চীৎকার করিয়া উঠিল,—আমাকে রক্ষা কর। কুকুরে আমাকে মারিয়া ফেলিবে।

 নসীর খাঁ চাকরদের নিকট হইতে একটা লণ্ঠন লইয়া চারিদিকে দেখিতে লাগিলেন। নিকটেই একটা পিস্তল পড়িয়াছিল, সেটা তুলিয়া লইলেন।

 তিনি খুসরু বলিয়া ডাকিতেই খুসরু সে লোকটাকে ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। সে ব্যক্তির শরীর অক্ষত, কেবল ভয়ে সে ঠক্‌ ঠক্‌ করিয়া কাঁপিতেছিল।

 নসীর খাঁর আদেশ-মত ভৃত্যেরা সে লোকটাকে টানিয়া তুলিয়া তাহার বস্ত্রের মধ্যে এক টুকরা কাগজ খুঁজিয়া পাইল।

 ইহার পূর্ব্বে নসীর খাঁ মোটরের লোকদের কাছে এক খণ্ড কাগজ পাইয়াছিলেন। সেখানা তাঁহার পকেটে ছিল। সেখানা বাহির করিয়া দ্বিতীয় কাগজের সহিত মিলাইয়া দেখিলেন, দুখানিই এক রকম, তাহাতে শুধু লেখা আছে, এই কাগজ আর মাল আনিলে প্রতিশ্রুত পুরস্কার পাইবে।

 নসীর খাঁ কাগজে লেখা সিকন্দর শাহকে দেখাইলেন। সিকন্দর শাহ পড়িয়া বলিলেন,—ইহা জানা কথা।

 নসীর খাঁ চাকরদের বলিলেন,—এই লোকটাকে আমার বসিবার ঘরে লইয়া আইস।