বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫২
রথযাত্রা ও অন্যান্য গল্প

 সুলেমান শাহ কুকুরের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। নসীর খাঁ বলিলেন,—জাঁহাপনা, যদি একদিন আমার গৃহে পদার্পণ করেন, তাহা হইলে আপনাকে কুকুর দেখাই।

 সুলেমান শাহ বলিলেন,—আমি নিশ্চিত একদিন যাইব। আমার এখানে আর কোনো উপদ্রব হয় নাই, উহাদের বিশ্বাস হইয়া থাকিবে, জিনিষগুলা আমার কাছে নাই।

—৮—

 নসীর খাঁ ও সিকন্দর শাহ মীরমন্‌জালে ফিরিয়া আসিলেন। তাঁহারা বেড়াইতে বেড়াইতে নদীর ধারে উপস্থিত হইলেন। সেখানে নৌকার ঘর দেখিয়া সিকন্দর শাহ জিজ্ঞাসা করিলেন, ইহার ভিতর নৌকা আছে?

 নসীর খাঁ বলিলেন,—একটা ছোট মোটর-বোট আছে। আমি কখনও কখনও নদীতে বেড়াইতে যাই।

 নৌকার ঘরের সম্মুখে আসিয়া লোহার গরাদের ভিতর দিয়া সিকন্দর সাহ মোটর বোট দেখিতে পাইলেন। কহিলেন,—আপনার অনুমতি হইলে আমি নদীতে একবার ভ্রমণ করিয়া আসি।

 নসীর খাঁ কহিলেন,—আসুন, আমি আপনাকে লইয়া যাইতেছি।

 তালা খুলিয়া নসীর খাঁ ও সিকন্দর শাহ বোটে উঠিলেন। নদীতে যাইবার আর একটা দরজা ছিল, নসীর খাঁ সেটা খুলিয়া বোট বাহিরে আনিলেন। স্রোতে পড়িয়া বোট ভাসিয়া চলিল।

 নসীর খাঁ বলিলেন,—বোট আপনি চালাইবেন?