বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন্দী
২০১

একবার নূতন কয়েদীদের দিকে চাহিয়া দেখিল। কালীচরণকে জিজ্ঞাসা করিল, তুমি এদের চেন?

 —হাঁ, হুজুর।

 —কে এরা?

 —যে বাবুদের কাছে আমি চাকরী করতাম আর যারা আমাকে নোট ভাঙাতে দিত তাদের মধ্যে এই দু’ জন।

 জেলারের ভ্রু কুঞ্চিত হইয়া চক্ষু ছুঁচের মত হইল। কয়েদী দুইজনকে যেন চক্ষের দৃষ্টিতে বিদ্ধ করিয়া অতি মৃদুস্বরে বলিল, তোমরা এই নিরপরাধী ব্যক্তিকে ফাঁসাইয়াছিলে?

 পুরাতন কয়েদীরা জানিত যে, জেলারের তর্জ্জন-গর্জ্জনকে যত না ভয়, সে চিবাইয়া চিবাইয়া মৃদু মৃদু কথা কহিলে তাহার অপেক্ষা অধিক ভয়। এই দুইজন কয়েদী সবে শ্রীঘরে শুভাগমন করিয়াছে, তাহারা সে-কথা কেমন করিয়া জানিবে? একজন দাঁত বাহির করিয়া রহস্য করিয়া বলিল,—এমন হয়েই থাকে, উদোর বোঝা অনেক সময় বুদোর ঘাড়ে পড়ে।

 জেলার আরও মৃদুস্বরে বলিল,—নরকে যাবার আগেই নরক কাকে বলে তোমরা জান্‌তে পারবে।

 জেলার চলিয়া গেল, কালীচরণও সেই সঙ্গে গেল।

 ৪০৫ আর ৪০৬ নম্বর কয়েদীর নরক-যন্ত্রণা আরম্ভ হইতে বড় বিলম্ব হইল না। তাহারা জাল নোট তৈরী করা ছাড়া কখন কোন পরিশ্রম করে নাই, কখন কাহারও আদেশে কোন কর্ম্ম করে নাই, কখন কোনরূপ ক্লেশ স্বীকার করে নাই। জেলের কদন্ন আহার করিতে তাহাদের রুচি হইত না, জেলের কঠোর শাসনে তাহাদের রাগ হইত। তাহার উপর হাড়ভাঙা পরিশ্রম আর জেলারের তীব্র দৃষ্টি। জেলার