চীৎকার করিতে লাগিল, তাহার পর শুধু গোঙানি। ৪০৬ নম্বর দাঁড়াইয়া ঠক্ ঠক্ করিয়া কাঁপিতেছিল। কালীচরণ মুখ ফিরাইল। দুইজনকে বেত মারা হইলে পর জেলার কালীচরণকে ডাকিয়া নিজের ঘরে লইয়া গেল। জিজ্ঞাসা করিল,—ঐ দু-জনের জন্য তোমার জেল হয়েচে, তুমি ওদের বেত মারতে অস্বীকার করলে কেন?
—হুজুর, আমার যা হবার তা হয়েচে। ওদের মেরে আমি ত আর জেল থেকে খালাস পাব না। ওরা অধর্ম্ম করেচে, তেমনি সাজাও পেয়েচে। আমি ওদের গায়ে হাত তুল্লে আমার পাপ হবে।
জেলার কালীচরণের মুখের দিকে চাহিয়া খানিকক্ষণ ভাবিল। কালীচরণ মূর্খ, অশিক্ষিত, অকারণে বন্দী হইয়াছে, অথচ যাহারা তাহাকে এরূপ বিপদে ফেলিয়াছে তাহাদের প্রতি ক্রোধ নাই, প্রতিহিংসার প্রবৃত্তি নাই। জেলার কালীচরণের কাঁধে হাত দিয়া বলিল,—তুমি যদি তোমার শত্রুদিগকে ক্ষমা করিতে চাও, তা হলে আমি আর তাদের পীড়ন করব না।
কালীচরণ বলিল,—হাঁ হুজুর, সেই ভাল। মাথার উপর ধর্ম্ম আছেন, তিনি বিচার করবেন। অধর্ম্ম সইবে কেন?
৪০৫ আর ৪০৬ নম্বর কয়েদী সারিয়া উঠিয়া আবার যখন কাজ করিতে আরম্ভ করিল, সেই সময় জেলার একদিন তাহাদিগকে বলিল, আমি তোমাদের আচ্ছা করে’ জব্দ করতাম, কালীচরণের জন্য তোমরা রক্ষা পেলে। সে তোমাদের পিঠে নিজে বেত মারেনি, এখনও তোমাদের দয়া করে। যদি আবার সাজা পেতে না চাও তা হ’লে কালীচরণকে খুসী রাখবে।
সেই দিন হইতে এই দুইজন কয়েদী কালীচরণের খোসামোদ করিত।