কয়েক মাস পরে একদিন জেলার তাহাকে ডাকিয়া বলিল, কালীচরণ, আমার কাছে পত্র আসিয়াছে, যে, তোমার মকদ্দমার সমস্ত সমস্ত কাগজ সরকার হইতে তলব হইয়াছে। বোধ হয় শীঘ্রই তোমার খালাসের হুকুম হইবে। কালীচরণের মুখে আনন্দের কোন চিহ্ন নাই। কহিল,—হুজুর, আমার এখন সব জায়গায়ই সমান।
এক সপ্তাহ পরে কালীচরণের গ্রাম হইতে পত্র আসিল যে, সর্পাঘাতে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছে। এ সংবাদেও তাহার চক্ষে জল আসিল না। সে পাষাণ-মূর্ত্তির মত স্থির হইয়া দাঁড়াইয়া রহিল।
আরও একমাস কাটিয়া গেল। সন্ধ্যার সময় জেলার কালীচরণকে বলিল,—তোমার খালাসের হুকুম হয়েচে, কাল সকালে তুমি খালাস পাবে।
কালীচরণ বলিল,—হুজুর, আমি কোথায় যাব? আমার ত যাবার কোথাও জায়গা নেই।
জেলার দুঃখ প্রকাশ করিল, কহিল,—তোমার যে বিপদ হয়েচে তার তো কোন উপায় নাই। বাড়ী গিয়ে ভগবানকে ডেকো।
—তিনি তো এখানেও আছেন।
পর দিবস প্রাতঃকালে কালীচরণের মুক্তি হইল। কাজের হিসাবে কিছু সামান্য টাকা তাহার পাওনা ছিল, সেই সঙ্গে জেলার আর পাঁচটি টাকা দিল।
জেলের প্রকাণ্ড ফটক পার হইয়া কালীচরণ বাহিরে আসিয়া দাঁড়াইল। আকাশপ্রান্তে মাঠের মাঝখান দিয়া সূর্য্যোদয় হইতেছে। সম্মুখে রাজপথ, পথের দুইধারে বড় বড় অশ্বত্থ ও বট গাছ, গাছে পাখীর কোলাহল, প্রভাত-বায়ুতে বৃক্ষপত্রে মর্ম্মর শব্দ। দূরে ধানের