প্যারীর মাসী
--১--
হঠাৎ আমার মন কি রকম খারাপ হয়ে গিয়ে আমি সংসারের বাইরে এসে দাঁড়ালাম। বিরক্তি, কি বৈরাগ্য, কি বিবেক, অত-শত বিচার করা আমার হয়ে ওঠে নি। আমার চোখে ঠুলি দিয়ে ঘানিগাছে জুড়ে দেবার সব ঠিকঠাক হয়েচে, অর্থাৎ আমার বিয়ে দিয়ে আমার বুকে জগদ্দল পাথর চাপাবার আয়োজন হচ্চে, এমন সময় আমি দড়ী ছিঁড়ে, তিড়িং-মিড়িং করে’ লাফিয়ে মাঠে ছুটে বেরিয়ে গেলাম। রাতারাতি উঠে কাউকে কিছু না বলে’ সরে’ পড়লাম।
পেড়ে কাপড় ছেড়ে গেরুয়া ধারণ করলাম। সঙ্গে দু’চারখানা পুঁথি ছিল—গীতা, মোহমুদ্গর, খানকতক উপনিষদ, এই রকম। একখানা কম্বল আর একটা কমণ্ডলু সঞ্চয় করা গেল। তার পর অবারিত খোলা পথ, যেদিকে দু’চক্ষু যায়, সেই দিকে চললাম। কয়েক দিন বৈদ্যনাথে, তার পর গোটা কতক দিন গয়ায় আর বৌদ্ধ গয়ায় কেটে গেল। কোন ঝঞ্ঝাট, কোন বালাই নেই, যেদিন যেমন জোটে, সেদিন সেইরূপ যায়। সাধু-সন্ন্যাসীর সঙ্গ, তার মধ্যেও কখন সৎসঙ্গ, কখন অসৎসঙ্গ, কেউ পারমার্থিক কথা কয়, কেউ সাধু সেজেও ঘোর বিষয়ী। বেগতিক দেখলে আমি পাশ কাটিয়ে আর কোথাও চ’লে যেতাম।
কাশী যাব বলে’ এক দিন বক্সরে রেলগাড়ীতে উঠচি, দেখি, একখানা গাড়ীতে এক জন সাধু বসে’ রয়েচেন। দিব্য প্রমাণ দেহ,