বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নির্ব্বন্ধ
৭১

 —সে সময় আমি উপস্থিত ছিলাম। ইহা আমার সৌভাগ্য।

 —আপনার বংশের উপযুক্ত কাজ হইয়াছে। এখানে আমরা খাঁ সাহেবের নাম অনেক শুনিয়াছি। আপনার নাম শুনিবার সৌভাগ্য এ পর্য্যন্ত হয় নাই।

 —আমার নাম দাউদ। আপনাদের পরিচয় জিজ্ঞাসা করিবার এই আমার প্রথম অবসর হইল।

 —বিবি সাহেবের পূর্ব্ব-পুরুষেরা ইরানবাসী। বড় খানদান, ওমরাহ শ্রেণী, বংশ পাঠান। বিবি সাহেবের প্রপিতামহের সহিত ইরানের শাহের বিবাদ হয়। সেই কারণে তিনি পারস্য দেশ ছাড়িয়া হিন্দুস্থানে চলিয়া আসেন। ইঁহারা দক্ষিণ দেশে কোঙ্কনে বাস করেন। সঙ্গে অনেক অর্থ ও বিস্তর জহরাত আনিয়াছিলেন, তাহার কিছু বিক্রয় করিয়া অনেক জমী-জমা খরিদ করিয়া প্রভূত সম্পত্তিশালী হইয়াছেন। বিবি সাহেবের পিতামহ নবাব উপাধি প্রাপ্ত হন। তিনি সম্পত্তি আরও বাড়াইয়া যান। বিবি সাহেবের বাল্যকালে তাঁহার মাতার মৃত্যু হয়, দুই বৎসর হইল পিতারও মৃত্যু হইয়াছে। এখন ইনি সমস্ত সম্পত্তির অধিকারিণী। ইঁহার পিতৃব্য মক্কায় হজ্ করিতে গিয়া সেইখানেই স্বর্গলাভ করিয়াছেন। আমি ইঁহাদের পুরাতন কর্ম্মচারী, জমীদারী দেখাশুনার ভার আমার উপর।

 দাউদ জিজ্ঞাসা করিল,—আপনাদের এখানে আসিবার কারণ কি?

 —সে বড় আপশোষের কথা। বিবি সাহেবের চাচা সাহেবের একমাত্র পুত্র সন্তান। ইঁহার মাতা নাই। বয়সে বিবি সাহেবের অপেক্ষা তিন চার বৎসরের বড়, ইঁহারই সহিত বিবি সাহেবের বিবাহ স্থির ছিল, হঠাৎ ইনি উন্মাদ হইয়া যান। এখানে হাকিম নসিরুদ্দীন