বিষয়বস্তুতে চলুন

পাতা:রথযাত্রা ও অন্যান্য গল্প - নগেন্দ্রনাথ গুপ্ত (১৯৩১).pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
রথযাত্রা ও অন্যান্য গল্প

 দাউদ বলিল,—আমি না হয় একটু অপেক্ষা করিলাম, তাহাতে কি হইয়াছে?

 দাসী দাঁড়াইয়া রহিল। দাউদের মুখের দিকে চাহিয়া বলিল,—খাঁ সাহেব, আপনি এত দিন আসেন নাই কেন? আমরা কত কি ভাবিতেছিলাম। বিবি সাহেব মনে করিতেছিলেন, হয় ত সেদিন নবাবজাদার কাণ্ড দেখিয়া আপনি কিছু বিরক্ত হইয়াছেন, সেই কারণে আর আসেন নাই।

 —পাগলের কাণ্ড দেখিয়া কে আবার কি মনে করে? আমি এমনি আসি নাই। আমার কি ঘন ঘন আসা উচিত? লোকে কি মনে করিবে?

 —কে আবার কি মনে করিবে? আপনি আসিলে সকলেই খুসী হয়। সেখানে বিবি সাহেবের অনেক কাজ, তবু সকলের সঙ্গে দেখা করিতেন। এখানে কাজ-কর্ম্ম কিছু নাই, বিবি সাহেব রোজ বেড়াইতেও যান না, আপনাকে তিনি যথেষ্ট খাতির করেন; আপনি আসিবেন, তাহাতে আবার কথা কি?

 —আমাদের এখানে পর্দ্দা আছে কি না, তাই আমার মনে একটু খটকা লাগে।

 দাসী খুঁতিতে আঙ্গুল দিয়া মাথা নাড়িয়া একবার হাসিল; বলিল,—আপনার এখানে আসিতে কি লজ্জা বোধ হয়?

 দাউদ ও হাসিল, কহিল,—লজ্জা কেন হইবে? তবে আমি ত অপরিচিত লোক বলিলেই হয়, বার বার আসিলে তোমরাই বিরক্ত হইতে পার।

 —শেষে আমরাই অপরাধী হইলাম! আপনার এখানে আসিতে ইচ্ছা করে না?