এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
রাজকাহিনী
ঘেরা পদ্মিনীর শয়নমন্দিরে তিনদিন বিশ্রাম করেন। তার পর, মালদেবনামে একজন রাজপুতের হাতে চিতোরের শাসনভার দিয়ে, ধীরে ধীরে দিল্লীর মুখে চলে গেলেন। পাঠান-বাদশার প্রবল প্রতাপ, হিন্দুস্থানের এক দিক থেকে আর-এক দিকে বিস্তৃত হল; আর সেই বারো-হাজার সতী-লক্ষ্মীর পবিত্র নাম, বারোহাজার রাজপুত-বীরের কীর্ত্তি, চিরদিনের জন্য, জগৎসংসারে ধন্য হয়ে রইল। আজও চিতোরে মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতাকুণ্ড দেখা যায়, তার ভিতর মানুষে প্রবেশ করতে পারে না;—একটা অজগর সর্প দিবারাত্রি সেই গহ্বরের মুখে পাহারা দিচ্ছে।