সেই তাঁর সর্ববনাশ করলে। সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে আর-কেউ জানত না যে, শিলাদিত্যের জন্য সূর্য্যকুণ্ড থেকে সপ্তাশ্বরথ উঠে আসে।
সিন্ধুপারে শ্যামনগর থেকে পারদনামে অসভ্য একদল যবন যখন বল্লভীপুর আক্রমণ করলে, তখন সেই বিশ্বাসঘাতক, তুচ্ছ পয়সার লোভে, সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে, গোরক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করলে। শিলাদিত্য যুদ্ধের দিন যখন সেই সূর্য্যকুণ্ডের তীরে সূর্য্যের উপাসনা করতে লাগলেন, তখন আগেকার মত নীল জল ভেদ করে দেবরথ উঠে এল না। শিলাদিত্য সাতটা ঘোড়ার সাতটা নাম ধরে বারবার ডাকলেন, কিন্তু হায়, কুণ্ডের জল যেমন স্থির তেমনিই রইল! শিলাদিত্য হতাশ হয়ে রাজরথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু সেই যুদ্ধেই তাঁর প্রাণ গেল। সমস্ত দিন যুদ্ধের পর সূর্য্যদেবের সঙ্গে সঙ্গে সূর্য্যের বরপুত্র শিলাদিত্য অস্ত গেলেন। বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে, বল্লভীপুর ছারখার করে চলে গেল।