বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর (১৯১৪).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
রাজকাহিনী

তিনি ছলছল চোখে মায়ের দিকে চেয়ে বল্লেন,—“মা, আমাকে বিদায় দাও, আমি বল্লভীপুরে ফিরে যাই, আমার প্রাণ কেমন করছে, বুঝিবা সেখানে কি সর্ব্বনাশ ঘটল!” রাজরাণী বল্লেন,—“আর ক’টা দিন থেকে যা, ছেলেটি হয়ে যাক্।” পুষ্পবতী বল্লেন,—“না না, না মা!”

 সেইদিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের আশী জন রাজপুতবীর, আর দুটো উটের পিঠে নীল রেশমে মোড়া একখানি ছোট ডুলি, বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন।

 চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয়। মালিয়া-পাহাড়ের নীচে বীরনগর পর্য্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা, তারপর মরুভূমির উপর দিয়ে আগুনের মত বালি ভেঙে, উটে চড়ে বল্লভীপুর যেতে হয়, আর অন্য পথ নেই! পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন যে, শিলাদিত্য আর নেই; বিধর্ম্মী ম্লেচ্ছ বল্লভীপুর ধ্বংস করেছে। পুষ্পবর্তীর চোখে এক ফোঁটা জল পড়ল না, তাঁর মুখে একটিও কথা সরল না; কেবল তাঁর বুকের ভিতরটা সম্মুখের সেই মরুভূমির