বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর (১৯১৪).pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
রাজকাহিনী

কইবিনে ভাইয়া? আমি তোর জন্যে হিমালয়ের আধখানা জয় করে রেখেছি, সেইখানে তোকে রাজা করব; তুই উঠে বোস, কথা ক? ওরে ভাই, কেন তুই এই দশ বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি! কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলিনে ভাই? আমি সাধ করে কি রাজপুতের ছেলেকে ভালোবেসেছি! তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না; —সে সময়ে গোহ যে আমার শূন্য ঘর আলো করেছিল। ভাই ওঠ, আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকে শত্রু বলে মারতে এসেছি; এই নে এই ছুরিখানা,— আমার বুকে বসিয়ে দে, সব গোল মিটে যাক!”

 মাণ্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন। ধারালো ছুরি ভাই-রাজের মুঠো থেকে খসে পড়ল;—বুড়ো রাজা চম্‌কে ঊঠলেন!—ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠাণ্ডা বোধ হল! কান পেতে শুনলেন, নিশ্বাসের শব্দ নেই! তিনি “ভাইয়া ভাইয়া!” বলে চীৎকার করে উঠলেন।

 তাঁর সমস্ত রাগ মাটির উপর মরা-ভাইকে ছেড়ে রাজসিংহাসনে গোহের উপর গিয়ে পড়ল। গোহ