এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাপ্পাদিত্য
তুঁষের আগুন যেমন প্রথমে ধিকি ধিকি শেষে হঠাৎ ধূধূ করে জ্বলে ওঠে, তেমনি গোহের পর থেকে রাজপুতদের উপর ভীলদের রাগ ক্রমে ক্রমে, অল্পে অল্পে, বাড়তে বাড়তে একদিন দাউ-দাউ করে পাহাড়ে পাহাড়ে, বনে বনে দাবানলের মত জ্বলে উঠল।
গোহের সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভীলেরা আট-পুরুষ-পর্য্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। যদি কোনো রাজপুত রাজা শিকারে যেতে পথের ধারে কোনো ভীলের কালো গায়ে বল্লমের খোঁচায় রক্তপাত করে চলে যেতেন, তবে তার মনে পড়ত,—রাজা গোহ একদিন তাদেরই বংশের একজনকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে এনে নিজের হাতে তার বুকের রক্ত মুছে দিয়েছিলেন! যখন কোনো রাজকুমার, কোনো-একদিন সখ্ করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তামাসা দেখতেন, তখন তাদের মনে পড়ত,—এক বছর দুর্ভিক্ষের দিনে রাজা গোহ তাঁর প্রকাণ্ড রাজবাড়ি,