বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর (১৯১৪).pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৪
রাজকাহিনী

আর যুদ্ধের চীৎকার উঠল।—সূর্য্যদেব মালিয়া-পাহাড়ের পশ্চিম পারে অস্ত গেলেন।

 সে রাত্রি কি ভয়ানক রাত্রি! সেই মালিয়া-পাহাড়ের উপর অসংখ্য ভীল, তার মাঝে গুটিকতক রাজপুত প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন; আর অন্ধকার রাজপুরে নাগাদিত্যের বিবর মহিযী পাঁচ বৎসরের রাজকুমার বাপ্পাকে বুকে নিয়ে নির্জ্জন ঘরে বসে রইলেন। তিনি কতবার কত দাসীর নাম ধরে ডাকলেন,—কারো সাড়া শব্দ নেই! মহারাজের খবর জানবার জন্য তিনি কতবার কত প্রহরীকে চীৎকার করে ডাকলেন, কিন্তু তারা সকলেই যুদ্ধে ব্যস্ত,— মহারাণীর ঘরের ভিতর দিয়ে ছুটে গেল, তবু তাঁর কথায় কর্ণপাতও করলে না! রাণী তখন আকুল হৃদয়ে কোলের বাপ্পাকে ছোট একখানি উটের কম্বলে ঢেকে নিয়ে অন্দরমহলের চন্দনকাঠের প্রকাণ্ড দরজা সোনার চাবি দিয়ে খুলে বাইরে উঁকি মেরে দেখলেন; —রাত্রি অন্ধকার, রাজপুরী অন্ধকার, প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের খিলান, তার মাঝে গজদন্তের কাজ-করা বড় বড় দরজা খোলা,—হাঁ হাঁ করছে; —অত বড় রাজপুরীতে যেন জনমানব নেই!