বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর (১৯১৪).pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাপ্পাদিত্য

রাজধানী চিতোর নগরে ফিরে এলেন, সেদিন সমস্ত রাজস্থান বেড়ে কি আনন্দ, কি উৎসাহ!

 নতুন সেনাপতি বাপ্পা সমস্ত রাজস্থানকে ভয়ঙ্কর মুসলমানের হাত থেকে রক্ষা করে যেদিন চিতোর নগরে ফিরে এলেন, সেইদিন রাজা মানের বুড়ো বুড়ো সর্দ্দারেরা ক্ষুণ্ণ মনে রাজসভা ছেড়ে গেলেন। মহারাজ মান তাঁদের ফিরিয়ে আনতে কতবার কত চেষ্টা করলেন, কাকুতি-মিনতি, এমন কি শেষে রাজগুরুকে পর্য্যন্ত তাঁদের কাছে পাঠালেন কিন্তু কিছুতেই কিছু হল না; সর্দ্দারেরা দূতের মুখে বলে পাঠালেন, —“আমরা মহারাজের নিমক খেয়েছি, এক বৎসর পর্য্যন্ত আমরা শত্রুতা করব না, বৎসর শেষ হলে যুদ্ধক্ষেত্রে দেখা হবে।”

 সেই এক বৎসর কত ভীষণ ষড়যন্ত্র, কত ভয়ঙ্কর পরামর্শে কেটে গেল! এক বৎসর পরে সেই বিদ্রোহী সর্দ্দারদের দুষ্ট পরামর্শে রাজা মানকে ভুল বুঝে বাপ্পা তাঁদের সকলের সেনাপতি হয়ে যুদ্ধে চল্লেন। রাজা মান যখন শুনলেন, বাপ্পা তাঁর রাজসিংহাসন কেড়ে নিতে আসছেন; যখন শুনলেন, যে বাপ্পাকে তিনি পথের ধূলা থেকে একদিন রাজসিংহাসনের দিকে তুলে