এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
রাজকাহিনী
এক পিঠে সূর্য্যের স্তব আর-এক পিঠে আল্লার দোয়া–লেখা প্রকাণ্ড কিংখাবের চাদর বাপ্পার উপর থেকে খুলে নেওয়া হল, তখন সেখানে আর কিছুই দেখা গেল না,—কেবল রাশি রাশি পদ্ম ফুল! আর গোলাপ ফুল! চিতোরের মহারাণী সেই পদ্ম ফুল বাণমাতাজীর মন্দিরে মানস-সরোবরের জলে রেখে দিলেন; ইরাণী বেগম একটি গোলাপ ফুল, সখের গুলবাগে খাসমহলের মাঝে গোলাপ-জলের ফোয়ারার ধারে, পুঁতে দিলেন; আর সেই দিন হিন্দুস্থান ও ইরাণীস্থানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্ব্বতের শিখরে হীরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার উপরে তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বল্লেন,—“সখী, তোরা সেই গান গা।” চারিদিকে চার সন্ন্যাসিনী ঘিরে ঘিরে গাইতে লাগল,—“আজি কি আনন্দ!” সন্ন্যাসিনী সেই শোলাঙ্কি-রাজকুমারী; আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ;—দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি!