এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদ্মিনী
বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন। তার পর থেকে সূর্য্যবংশের অনেক রাজা, অনেকবার চিতোরের সিংহাসনে বসেছেন, রাজসিংহাসন নিয়ে কত ভায়ে ভায়ে বিচ্ছেদ, কত মহা মহা যুদ্ধ, কত রক্তপাত, কত অশ্রুপাতই হয়ে গেছে; কিন্তু এত রাজা, এত যুদ্ধবিগ্রহের মধ্যে কেবল জনকতক রাজার নাম আর গুটিকতক যুদ্ধের কথা সমস্ত রাজপুতের প্রাণে এখনও সোনার অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন, মহারাজ খোমান, যিনি চব্বিশবার মুসলমানের হাত থেকে চিতোরকে রক্ষা করেছিলেন, যিনি আরব্য-উপন্যাসের সেই বোগ্দাদের খলিফ হারুণ আল রসীদের ছেলে আলমামুনকে চিতোরের রাজপ্রাসাদে অনেক দিন বন্দী রেখেছিলেন। আশীর্ব্বাদ করতে হলে এখনো যাঁর নাম করে রাজপুতেরা বলে,—“খোমান তোমায় রক্ষা করুন।” আর একজন রাজা, মহারাজ সমরসিং, যেমন বীর তেমনি ধার্ম্মিক! তিনি যখন নাগা সন্ন্যাসীর মত