এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভালোবাসায় ছিন্ন হবে
ভালো যারে বাসবে,
সে ছিন্ন হবে, হবেই;
ছিন্ন হয়ে ভিন্ন ভাবে,
ফিরবে তুমি, তবেই।
যারে আনবে তোমার ঘরে,
বাসবে বলে ভালো;
প্রথমেই সে ছিন্ন করবে ঘর,
নিভিয়ে দেবে আলো।
এক জীবনে শেকল পরে—
ভাবছো, কী আর হবে?
ঘরের আশায় জমবে মেলা
কাকের কলরবে।
কাকের সাথে ময়ূর পক্ষী
মিলিয়ে দিতে চাইলে,
একটি জীবন বিলিয়ে দিও
হিজল তলার আইলে।
শেষ প্রহরে তোমার ভেতর
আলো যখন জাগবে;
তুমি ছিন্ন হবে, ছিন্ন হবে
হিজল গাছটি থাকবে।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ২৫