এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমাকে নিতে আসবে কেউ
সহস্র জীবন ধরে আমি যাযাবর
পাহাড়ী ঢলের মাঝে ভেসে থাকা খড়।
কাউনাই নদী হয়ে ছুটেছি ভ্রমণে
আয়ু খেয়ে বেড়ে উঠা সহজ জীবনে।
নিশ্চিন্তে কিছুকাল কংস নদের তীরে
তারপর ডুবেছিলাম ব্রহ্মপুত্রের গভীরে।
পীর হতে আসিনি চেয়েছিলাম সুফির জীবন
জীবনের ধ্যান জ্ঞান এক টুকরো কাফন।
কুপি বাতি জীবনের ফুরিয়ে আসা তেলে
দফ করে নিভে যাব কোনো এক কালে।
খুব বেশিদূর ছড়ানো হয়নি আবছায়া আলো
পদতলে মারিয়ে রেখেছি ক্ষুদ্র ক্ষুদ্র কালো।
দুপুরের ভাতঘুমের নীরবতায় আতকা অন্ধ হবো
মাটির সামান্য শীতল ঘরে আক্ষেপে ঘুমাবো।
আমাকে স্মরণ করে রাত জাগবে না কেউ
প্রবল গর্জনে জন্মেই মরে যাবে হাওরের ঢেউ।
কবি হতেও আসিনি অথচ কবিতায় হয়েছে শেষ
কানপোনা জীবন নিয়ে পুকুরে হয়েছি নিরুদ্দেশ।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৩৯