বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
লাল সিংহ।

সেই বিদ্বেষের চরম পরিণতি। পরবর্ত্তী বিপ্লবে গঙ্গানারায়ণ যে অদ্ভুত সামরিক প্রতিভা ও বিচ্ছিন্ন প্রজাশক্তি সমবেত করিবার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করিয়াছিলেন, বরাহভূমের বর্ত্তমান গৃহবিবাদ তাঁহাকে সেই প্রতিভা পরিপুষ্ট করিবার অবসর প্রদান করিল। পরবর্ত্তী বিপ্লবে গঙ্গারানায়ণের যে অসি পরিণত বয়স্ক মাধো সিংহের রক্তে রঞ্জিত ও স্নাত হইয়াছিল, সেই অসি বালক মাধো সিংহের সাহায্যের জন্য কোষমুক্ত হইল।

 আমরা পূর্ব্বেই বলিয়াছি, বরাহভূমের জনসাধারণ রাজ্যে প্রধানা মহিষীর গর্ভজাত সন্তানের দাবি ন্যায্য বলিয়া মনে করিত। সেই জন্য অধিকাংশ সর্দ্দার মাধো সিংহের পক্ষাবলম্বন করিলেন। পঞ্চসর্দ্দারির সমরকুশল সর্দ্দার কিশন্ পাথর ও ধাদকা তরফের সর্দ্দার গুমানগঞ্জন সিংহ ভুঞা মাধো সিংহের পক্ষাবলম্বন করিলেন। সমস্ত বিষয় বিবেচনা করিয়া কেবলমাত্র প্রতাপশালী সর্দ্দার লালসিংহ ভুঞা জ্যেষ্ঠ গঙ্গাগোবিন্দকে আশ্রয় দিলেন। লালসিংহ তৎকালীন যাবতীয় সর্দ্দারগণ অপেক্ষা অধিক শক্তিশালী ছিলেন। স্বয়ং ষ্ট্ৰাচি সাহেব একহলে লিখিয়াছেন,−

 “Lalsing appears to be the most powerful of the Sarders.”

 অর্থাৎ ‘লালসিংহ সর্দ্দারগণের মধ্যে সর্ব্বাপেক্ষা অধিক শক্তিশালী।’ তাঁহার আশ্রয়লাভে গঙ্গাগোবিন্দ অন্যান্য সর্দ্দারগণকে উপেক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন।