সমর্থ নহেন। ঐ সকল লোক জমীদারের উপর, পরস্পরের উপর, ও নিকটবর্ত্তী জমীদারের উপর যে সকল অত্যাচার করে, জমীদার তাহার প্রতিকার করিতে পারেন না।” প্রকৃতপক্ষে লালসিংহ বরাহভূম ও নিকটবর্ত্তী রাজ্যসকলের উপর যে সকল অত্যাচার করিয়াছিলেন, আমরা ইতিপূর্ব্বে তাহার বর্ণনা করিয়াছি। ষ্ট্ৰাচি সাহেবের রিপোর্টের এই অংশ সেই সকল বিবরণের সমর্থন করে।
বরাহভূমের এই প্রকার বিশৃঙ্খলা বিদূরিত করিবার জন্য ইংরাজ সরকার চিন্তান্বিত হইয়া উঠিলেন। পরিশেষে সর্দ্দারগণের দমন ও পরগণায় শান্তিস্থাপন উদ্দেশ্যে ১৭৯৯ খৃষ্টাব্দে মেদিনীপুর হইতে বরাহভূমে একদল সৈন্য প্রেরিত হইল। শিক্ষিত ইংরাজ সৈন্যের আগমনে সর্দ্দারগণ কিছুদিন গা ঢাকা দিয়া নিজ নিজ দুর্গে আশ্রয় লইলেন। সর্দ্দারগণ এই প্রকারে সরিয়া যাইবার পূর্ব্বে লালসিংহ সরবরাহকারের বাটী লুণ্ঠন করিয়াছিলেন; তাহা ইতিপূর্ব্বে বর্ণিত হইয়াছে। সর্দ্দারগণ কিন্তু কিছুতেই শান্ত হইল না। তাহারা সুযোগ বুঝিয়া আপন আপন দুর্গ হইতে বাহির হইয়া অবসরক্রনে নির্দ্দয়ভাবে বরাহভূম লুণ্ঠন করিতে প্রবৃত্ত হইল। এ সম্বন্ধে ষ্ট্ৰাচি সাহেবের রিপোর্টে আছে,−
“A considerable military force being at last sent Burrabhum hostilities ceased between the contending parties and they retired to their strong holds from whence they have occasionally sallied out and plundered indiscriminately every part of the estate.”