শতাব্দীর প্রথমভাগে আপনার বিস্ময়কর সামরিক প্রতিভা প্রদর্শন করিয়াছিলেন। খাঁড়েপাথর লালসিংহের বৃদ্ধপ্রপিতামহ। সুতরাং তৎকালীন লোকের পরমায়ু অপেক্ষাকৃত অধিক ছিল বলিয়া ধরিয়া লইলেও খাঁড়েপাথরের প্রাদুর্ভাবকাল খ্রীষ্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগের পূর্ব্বে যায় না।
বরাহভূম পরগণার যে অংশের জঙ্গল ও পর্ব্বতে খাঁড়েপাথর বাস করিতেন, তাহা পাতকুম রাজধানীর অপেক্ষাকৃত নিকটবর্ত্তী। সুতরাং পাতকুমের রাজা কর্ত্তৃক খাঁড়েপাথরের উপর অধিকারবিস্তার জন্য অভিযান করা বা তদুপলক্ষে কোন যুদ্ধ হওয়া বিচিত্র ব্যাপার নহে। অথবা এই সর্দ্দারগণ যে প্রকৃতির লোক ছিলেন, তাহাতে খাঁড়েপাথর পাতকুম রাজ্যের প্রজাগণের উপর অত্যাচার করা এবং তাঁহার শাসনকল্পে পাতকুমরাজ কর্ত্তৃক খাঁড়েপাথরের বিরুদ্ধে অভিযান ও তদুপলক্ষে কোন যুদ্ধ হওয়া আশ্চর্য্য নহে। বর্ত্তমান সময়ে বিস্মৃতির তিমির-গর্ভ ভেদ করিয়া এই সকল ব্যাপারের আমূল বিবরণ সংগৃহীত হওয়া নিতান্ত অসম্ভব।