একাদশ পরিচ্ছেদ।
সুখনিদি।
লালসিংহ বারম্বার বরাহভূম আক্রমণ করিয়া অধিবাসীগণকে নিরতিশয় বিব্রত ও সন্ত্রস্ত করিয়া তুলিলেন। লালসিংহের অত্যাচারে রাজ্য ছারখার হইতে লাগিল। লালসিংহ বারম্বার বরাহ-রাজ্য আক্রমণ করিয়া প্রজাগণের যথাসর্ব্বস্ব লুণ্ঠন করিতে লাগিলেন। ক্রমশঃ প্রজাগণ রাজার প্রতি শ্রদ্ধা হারাইয়া লালসিংহের শরণাপন্ন হইল। পরিশেষে প্রজাগণের সহিত এই প্রকার মীমাংসা হইল যে, প্রত্যেক গ্রান হইতে প্রজারা নির্দিষ্ট দিনে নির্দ্দিষ্ট পরিমাণ কর লালসিংহকে আদায় দিবেন; এবং রীতিমতরূপে ঐ কর আদায় পাইলে লালসিংহ আর তাহাদিগকে কোনরূপে নির্যাতিত করিবেন না।
এই প্রকারে রাজার অধিকৃত ও পরগণাস্থিত প্রত্যেক গ্রাম হইতে লালসিংহ কর পাইতে থাকিলেন। যে গ্রামের প্রজাগণ নির্দ্দিষ্ট দিনে এই কর প্রদান করিত, লালসিংহ তাহাদিগের উপরে আর কোন প্রকার উৎপীড়ন করিতেন না; বরং বহির্শত্রুর আক্রমণ হইতে নিজের বাহুবলে সেই সকল প্রজাগণকে রক্ষা করিতেন। লালসিংহের আশ্রিত লোকের উপর অত্যাচার করিতে সাহসী হয়, এ প্রকার কোন লোক