বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বাদশ পরিচ্ছেদ।

বরাহভূমে ভ্রাতৃবিরোধ।

 লালসিংহ বরাহভূম রাজপরিবারের গৃহবিবাদে বিশেষভাবে লিপ্ত হইয়াছিলেন। সেইজন্য লালসিংহের কার্য্যাবলী বুঝিবার জন্য বরাহভূমের তৎকালীন অবস্থা বিবৃত করিবার প্রয়োজন। আমরা এই পরিচ্ছেদে সেই সম্বন্ধে কথঞ্চিৎ আলোচনা করিব।

 খ্রীষ্টিয় ১৭৫৭ সালে পলাশীযুদ্ধে জয়লাভের পর হইতে ইংরাজ-শক্তি ক্রমশঃ বঙ্গদেশে প্রাধান্য লাভ করিতে থাকে। ১৭৬৩ খৃষ্টাব্দে ইংরাজ সরকার দিল্লীর বাদসাহের নিকট হইতে বঙ্গ, বেহার ও উড়িষ্যার দেওয়ানী সনন্দ লাভ করিয়াছিলেন। যদিও তৎপরে কিছুকাল পর্য্যন্ত মুর্শিদাবাদের নবাবগণ নামতঃ বঙ্গদেশের প্রভু ছিলেন, কিন্তু প্রকৃত রাজ-শক্তি ইংরাজজাতির করতলগত হইয়াছিল। তৎকালাবধি ইংরাজ-শক্তি ক্রমশঃ দেশের অশান্তি বিদূরিত করিয়া বঙ্গদেশে প্রতিষ্ঠিত হইল। ইংরাজশাসনের প্রতিভায় মুসলমান ও ইংরাজশাসনের সন্ধিস্থলে বঙ্গদেশে যে দেশব্যাপী অরাজকতা প্রাদুর্ভূত হইয়াছিল, ক্রমশঃ তাহা অন্তরিত হইল। ইংরাজজাতির স্নিগ্ধোজ্জ্বল শাসনগুণে এদেশে প্রজাসাধারণের ধন, মান, জীবন নিরাপদ হইল। কিন্তু ইংরাজশক্তি জঙ্গলমহলের বন্য ও পার্ব্বত্য প্রদেশে অপেক্ষাকৃত বিলম্বে প্রতিষ্ঠিত ও বদ্ধমূল হইয়াছিল। বাঙ্গালার অনান্য স্থানের ন্যায় সহজে এই স্থানে শান্তি সংস্থাপিত হয় নাই।