বিষয়বস্তুতে চলুন

পাতা:লেখকের কথা - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সা হি ত্য ক রা র আ গে

বলগাহীন সাহিত্যিক অভিযানে, বাংলা সাহিত্যের ভিত্তি পর্যন্ত কেঁপে উঠেছিল।

 অনেক খ্যাতনামা সাহিত্যিক আত্মসমর্পণ করেছিলেন এই দুরন্ত বন্যার কাছে, রবীন্দ্রনাথ পর্যন্ত আশীর্বাদ করেছিলেন এবং সাহিত্যে ‘আধুনিকতা’র কচি কচি নেতাকে নিমন্ত্রণ করে আলাপ ও ভাব করেছিলেন—পাছে এরা বাংলা সাহিত্যের অনেক কিছু ঐতিহ্যের সঙ্গে তাঁকেও ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেয়। দু’-একজন তাল ঠুকেছিল। একজন কবি রবীন্দ্রনাথকে ‘ডোণ্ট কেয়ার’ করার কবিতা পর্যন্ত লিখেছিল।

 কোনো দেশে কোনো কালে খ্যাতনামা কবি বা সাহিত্যিককে গুণ্ডার মতো সোজাসুজি আক্রমণে ঘায়েল করে যেন কেউ কবি বা সাহিত্যিক হতে পেরেছে!

 বন্ধু বান্ধবেরা খ্যাতি দিয়ে কি কোন কবি বা সাহিত্যিককে খ্যাতনামা করতে পারে? খ্যাতনামা কবি সাহিত্যিক মানেই জনসাধারণ সমগ্র বা আংশিকভাবে, স্থায়ীভাবে অথবা সাময়িকভাবে যাকে তারিফ করছে। এদের ভূমিসাৎ করে কাব্যসাহিত্যের মোড় ঘুরানো যায় না। কাব্য সাহিত্যের মোড় ঘুরিয়েই এদের ভূমিসাৎ করতে হয়।

 বাংলা সাহিত্যে এই আধুনিকতা একটা বিপ্লবের তোড়জোড় বেঁধেই এসেছিল কিন্তু বিপ্লব হয়নি, হওয়া সম্ভবও ছিল না—সাহিত্যের চলতি সংস্কার ও প্রথার বিরুদ্ধে মধ্যবিত্ত তারুণ্যের বিক্ষোভ বিপ্লব এনে দিতে পারে না।

২৭