এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গাহ ভারতের জয়
—শ্রীগৌরী দেবী
গাহ ভারতের জয়,
পূর্ব্ব-গগনে নব অরুণের হ’ল যে অভ্যুদয়;
সব মলিনতা মুছে গেছে আজি,
ধরা আনন্দময়;
গাহ ভারতের জয়!
ভুলি’ জাতি-ভেদ হও আগুয়ান
দূরে যাক সব ভয়!
দেশের জন্য দশের লাগিয়া যায় যদি যাক্ প্রাণ,
মানুষের মাঝে মানুষ হয়ে গো হয়ে ওঠো মহীয়ান্।
গাহ ভারতের জয়,
স্বদেশের লাগি’ যাঁরা দিল প্রাণ তাঁরা ভুলিবার নয়।
শত শহীদের অমর আত্মা মুক্তি লভিল আজি,
স্বাধীন ভারতে তাঁহাদের নাম দিকে দিকে ওঠে বাজি’।
ভুলি’ দলাদলি, কর কোলাকুলি,
হিংসার হোক শেষ;
বল এক সাথে আল্লা ও যীশু,
দয়াময় পরমেশ!
গাহ ভারতের জয়,
সে স্থরে কাঁপিয়া উঠুক পৃথ্বী কুমারিকা-হিমালয়।