পয়ার।
বিপদে বিপদ ডাকি আনয়ে সবার।
নতুবা কুমতি কেন, হইবে সীতার॥
রাম উপদেশ বাক্যে, অনাস্থা, প্রকাশি ৷
অভিমানে বস্ত্রাঞ্চলে, ঢাকেন মুখশশী॥
সবিষাদে বলে সীতা, আমি দুর্ভাগিণী।
নহিলে পূরিত সাধ; নিশ্চয় এখনি॥
বিলাস সামগ্রী আর রত্ন অলঙ্কার।
সে সব প্রার্থনা নয়, দুঃখিনী সীতার॥
চাহিনা সম্মান আমি, সম্পদ বিভব।
সুখশয্যা, রত্নরাজী, অতুল গৌরব।
স্বর্ণবর্ণ মৃগ শিশু, ধরিবার তরে॥
কাঁদিলাম কত বলি, নাথের গোচরে।
কিন্তু হায়! বিধি যবে অপ্রসন্ন হয়।
পূরে না বাসনা তার, জানিনু নিশ্চয়॥
বড় সাধ ছিল মনে, কুরঙ্গ লইয়ে।
পালিতাম, স্নেহভরে উভয়ে মিলিয়ে॥
সর্ব্বদা সম্মুখে রাখি, অতি যত্ন করে।
কিসলয় দাম তুলি, দিতাম তাহারে॥
নির্ঝরিণী জল আনি, করাতে পান।
প্রাঙ্গণে নাচিত নিত্য, জুড়াইত প্রাণ॥
সামান্য বস্তুর জন্য, করিয়ে লালসা।
পাপিনী সীতার তাহে, পূরিল না আশা॥
হায় রে উন্মত্ত মন, কাজ নাই ভাবি।
বিশাল নিরাশা হ্রদে, থাক গিয়ে ডুবি॥
রাম পত্নী হ’য়ে মোর, না মিটিল সাধ।
এহ’তে সীতার আর, কি আছে বিষাদ॥