বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আলো ছায়া

হোক না কেন যতই কালো,
এমন ছায়া নাই রে নাই—
লাগলে পরে রোদের আলো।
পালায় না যে আপনি ভাই!
শুষ্ক মুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল,
লাগলে যাতে হাসির ছোঁয়া
আপনি গলে হয় না জল?

সন্দেশ-১৩২৭


নিরুপায়

বসি বছরের পয়লা তারিখে
মনের খাতায় রাখিলাম লিখে—
‘সহজে উদরে ঢকিবে যেটুক,
সেইটকু খাব, হব না পেটুক।’
মাস দুই যেতে খাতা খুলে দেখি
এরি মাঝে মন লিখিয়াছে এ কি!
লিখিয়াছে, যদি নেমন্তন্নে
কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে,
উচিত হবে কি কাঁদানো তাহারে?
কিংবা যখন বিপুল আহারে,
তেড়ে দেয় পাতে পোলাও কালিয়া
পায়েস অথবা রাবড়ি ঢালিয়া—
তখন কি করি, আমি নিরুপায়!
তাড়াতে না পারি, বলি আয়, আয়,
ঢুকে আয় মুখে দুয়ার ঠেলিয়া
উদার রয়েছি উদর মেলিয়া!’

সন্দেশ-১৩২৬