বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লক্ষ্মণের শক্তিশেল

পাত্রগণ

রাম, জাম্বুবান, সভাসদগণ, বিভীষণ, লক্ষণ, দূত, সুগ্রীব হনুমান, বানরগণ, রাবণ, যমদূতদ্বয়, যম

প্রথম দৃশ্য

রামের শিবির

রাম। কাল রাত্তিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম কি, রাবণ ব্যাটা একটা লম্বা তালগাছে চড়ছে। চড়তে-চড়তে হঠাৎ পা পিছলে একেবারে—পপাত চ, মমার চ!
জাম্বুবান। তবে হয়তো রাবণ ব্যাটা সত্যিই-সত্যিই মরেছে—রাজস্বপ্ন মিথ্যা হয় না।
সকলে। হয় না, হবে না—হতে পারে না।
রাম। আমি হনুমানকে বললুম, যা, ব্যাটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বললে কি, ফেলবারও দরকার হল না সে এক্কেবারে মরে গেছে।
সকলে। বাঃ বাঃ।—একদম মরে গেছে—ব্যাস। আর চাই কি, খুব ফুর্তি কর!

বাহিরে গোলমাল

ঐ দেখ রাবণের রথ দেখ। যাচ্ছে দেখেছিস? ঐটা রাবণ, ঐ যে লাঠি কাঁধে—

সকলে। সে কি! রাবণ ব্যাটা তবু মরে নি ব্যাটার জান তো খুব কড়া!

জাম্বুবান। এই হনুমান ব্যাটাই তো সব মাটি কললে—তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত—না, ব্যাটা আবার বিদ্যে জাহির করতে গিয়েছে—‘এক্কেবারে মরে গেছে’—
বিভীষণ। চোর পালালে বুদ্ধি বাড়ে—

দূতের প্রবেশ

সকলে। কি হে, খবর কি?
দূত। আজ্ঞে, আমি এইমাত্র আসছি—
লক্ষ্মণ। ব্যস! মস্ত খবর দিয়েছ আর কি!
জাম্বুবান। এইমাত্র আসছ? তোপ ফেলতে হবে?
রাম। আজ কি ঘটল না ঘটল সব ভালো করে গুছিয়ে বল।
দূত। আজ্ঞে, আমি ছান-টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে চাট্টি ভাই খেয়েই অমনি বেরিয়েছি—অবিশ্যি আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হল জানেন আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা।
সকলে। বাজে বকিস নে কাজের কথা বল।
দূত। হ্যাঁ হ্যাঁ খেয়ে উঠেই ঘণ্টা দু’তিন জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে ধ্যা র‍্যা র‍্যা র‍্যা র‍্যা র‍্যা ধ্যা রা রা রা ধ্যারা
সকলে। মার ব্যাটাকে মার ব্যাটার কান কেটে দে!
জাম্বুবান। ব্যাটার ধ্যারারারা চলেছে যেন রেকারিং ডেসিমাল
সুগ্রীব। ব্যাটা, তুই ভালো করে ধারাবাহিক-রূপে আদ্যোপান্ত পর্যায় পরম্পরা সব বলবি কি না?
রাম।
তারপরে কি হল শুনি ততঃ কিম্?
দূত।
(গান) আসিছে রাবণ বাজে ঢক্ক

ঢোল,
মহা ধুমধাম মহা হট্টগোল।

সকলে।
ততঃ কিম্, ততঃ কিম্, ততঃ

কিম্‌?

দূত।
শঙ্খ হুলাহুলি শানাই

নিঃস্বন
কর্তাল ঝঙ্কার অস্ত্রের ঝনন।

নাটক
২৩৭