বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিভীষণ। ইকী গেরো! ভালো, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি!

বিভীষণের গান

বিধি মোর ভালে হায় কি লিখিল
আজ রাত্রে একি বিপদ ঘটিল।
দুর্মতি সুগ্রীব চির শত্রু মোর
ফেলিল আমারে সঙ্কটেতে ঘোর।
জাম্বুবান ব্যাটা কুবুদ্ধির ঢেঁকি
তার চক্রে পড়ি নিস্তার না দেখি।
আসে যদি কেহ রাত্রি দ্বিপ্রহরে—
ঠেকাব কেমনে একাকী তাহারে?
স্বর্গ হতে কহ দেবগণ সবে
আজি এ সঙ্কটে কি উপায় হবে?
যম হস্তে আজি না দেখি নিস্তার
সুযুক্তি তাহার কহ সবিস্তার
শুন দেবাসুর গন্ধর্ব কিন্নর—
মানব দানব রাক্ষস বানর।
শুন সর্বজনে মোর মৃত্যু হলে
শোকসভা করো তোমরা সকলে।

[ ইতি সমাপ্তোয়ং লক্ষ্মণের শক্তিশেলাভিধেয়স্য কাব্যস্য তৃতীয়ো সর্গঃ ]

চতুর্থ দৃশ্য

শিবির প্রাঙ্গণ

বিভীষণের পাহারাদারি, মধ্যে মধ্যে আয়নায় মুখোবলোকন ইত্যাদি

বিভীষণ। জাম্বুবান বলছিলেন, দেখ যেন ঘুমিও না—বাপু এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন, তাঁকে আমি পাঁচশো টাকা বকশিশ দিতে পারি!

বিভীষণের পদচারণা ও উঁকি-ঝুঁকি

তবে এ-পর্যন্ত যখন কোন দুর্ঘটনা হয় নি—তাতে আমার কিছু-কিছু, ভরসা হচ্ছে—চাই কি, হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে।...যাক! একটু
ঘুমিয়ে নেওয়া যাক—যমের তো ইদিকে আসবার কোনই গতিক দেখছি না—আর, আসলেই-বা কি? তাকে বাধা দেওয়াটা তো আর বুদ্ধিমানের কার্য হবে না!

বিভীষণের উপবেশন ও অচিরাৎ নিদ্রা। জাম্বুবানের প্রবেশ

জাম্বুবান। দেখেছ, আধ ঘণ্টা না যেতেই ঘোঁৎ-ঘোঁৎ করে নাক ডাকতে আরম্ভ করেছে—ওরে বিভীষণ (খোঁচা দিয়া) ওঠ্!
বিভীষণ। (লাফাইয়া উঠিয়া) কেরে! ও—জাম্বুবান যে—তুই বুঝি মনে করেছিলি আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমোই নি।
জাম্বুবান। হ্যাঁ—হ্যাঁ—আমায় আর সমঝাতে হবে না। দিব্যি পড়ে নাক ডাকছে—আবার বলে, সত্যি করে ঘুমোই নি।
বিভীষণ। তুই টের পাস নি?—আমি মিটমিট করে চেয়ে দেখছিলাম।
জাম্বুবান। না-না—মিটমিট করে দেখলে চলবে না—ভালো করে পাহারা দিতে হবে।

{{right[ জাম্বুবানের প্রস্থান}}

বিভীষণ। ব্যাটা তো ভারি জোচ্চোর! আমার ঘুম ভাঙিয়ে দিল।

বিভীষণের পুনরুপবেশন ও পুনর্নিদ্রা। যমদূতদ্বয়ের প্রবেশ

প্রথম দূত। হ্যাঁরে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো?
দ্বিতীয় দূত। আরে, হ্যাঁরে হ্যাঁ, এতদিন কাজ করেছি, একটা বাড়ি চিনতে পারব না?
প্রথম দূত। তোকে কি বাতলিয়ে দিয়েছিল বল্ তো?
দ্বিতীয় দূত। আমাকে বলে দিয়েছে যে, সেই ডানদিকের উঠোনওয়ালা বাড়িটায় যাবি।
প্রথম দূত। ডানদিক তো এই—আর উঠোনকে উঠোন মিলে গেছে, তবে তো ঠিকই এসেচি—
২৪৪
সুকুমার সমগ্র রচনাবলী