বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিভীষণ। ব্যাটারা রাত দুপুরে গান জুড়েছিস—চাবকিয়ে রোগা করে দেব।

দূতদ্বয় প্রস্থানোদ্যত ও দ্বারদেশে যমসহ সাক্ষাৎ

প্রথম ও দ্বিতীয় দূত।  দোহাই মহারাজ, দোহাই যমরাজা, আমাদের কিছু দোষ নেই—ঐ এক ব্যাটা আমাদের পথ ছাড়ছে না
[ যমের প্রবেশ
বিভীষণ।  এই মাটি করেছে—এখন উপায়? আটকাতে গেলে যম মারবে, না আটকালে রাম মারবে। উভয় সঙ্কট! যা থাকে কপালে, ব্যাটাকে পথ ছাড়ব না। (সদর্পে) তবে রে ব্যাটা—আমায় চিনিস নে? আমি থাকতে তুই ঢুকবি?

যমের অগ্রসর হওয়া

দ্বিতীয় দূত।  ওরে এবার লড়াই বাধবে—

প্রথম দূত।  হ্যাঁরে ভারি মজা দেখা যাবে—

দ্বিতীয় দূত।  (বিভীষণের প্রতি) পালা, পালা—এই বেলা পালা—
প্রথম দূত।  হ্যাঁ, ঐ যে অস্তর দেখছ ওর একটি ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে।

বিভীষণ।  তুই কে রে ব্যাটা মরতে এসেছিস?

যমের আবৃত্তি

কালরূপী মৃত্যু আমি যম নাম ধরি—
সর্বগ্রাসী সর্বভুক সকল সংহারি॥
সর্বকালে সমভাব সকলের প্রতি,
ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি॥
অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে—
মোর সাথে পরিচয় জীবনের শেষে॥
সংসারের মহাযাত্রা ফুরায় যেমন—
শ্রান্তজনে শান্তি দেই আমিই শমন॥

পাহাড় লইয়া হনুমানের প্রবেশ

হনুমান। জয় রামের জয়!

যমের মাথায় হনুমানের পাহাড় স্থাপন। যমের পতন

প্রথম দূত। ও কি রে!

দ্বিতীয় দূত। ঐ যা! চাপা পড়ে গেল!

প্রথম দূত। তাই তো রে, চাপা পড়ল যে!

দ্বিতীয় দূত। (সকাতরে) হ্যাঁরে আমার মাইনে কে দেবে?

প্রথম দূত। তাই তো। আমারও যে পাওনা আছে।

প্রথম ও দ্বিতীয় দূত। ওগো, আমাদের কি হলো গো—ওগো, আমরা যে ধনে-প্রাণে মলুম গো—(হনুমানের প্রতি) পালোয়ান মশাই গো—সর্বনাশ কললেন গো—হায়, আমাদের কি হল গো—

দূতদ্বয়ের গান

প্রথম দূত। ওরে যম ব্যাটা যে দিল
ফাঁকি
দ্বিতীয় দূত। মোদের তেরো আনা মাইনে
বাকি
প্রথম দূত। আহা দেখ না ব্যাটা হল
নাকি?
দ্বিতীয় দূত। ওর চুল ধরে দে না ঝাঁকি।
প্রথম দূত। এই বিপদকালে কারে ডাকি
হায় হায় যম ব্যাটা যে দিল
ফাঁকি।—অ্যাঁক্

হনুমান কর্তৃক দূতদ্বয়ের গলা পাকড়ানো

হনুমান।  ভাগ! ভাগ!—ব্যাটারা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেধেছে।

[ দূতদ্বয়ের প্রস্থান

বিভীষণ।  এবার সকলকে ডেকে নিয়ে আয়

[ হনুমানের প্রস্থান

লক্ষ্মণকে ধরাধরি করিয়া হনুমানের সহিত সকলের প্রবেশ

সকলে।  ওটা কিরে? ওটা কিরে?

হনুমান।  আজ্ঞে, উপরেরটা গন্ধমাদন পাহাড়।
জাম্বুবান।  ব্যাটা গোমুখ্যু কোথাকার, পাহাড়সুদ্ধ নিয়ে এসেছিস?
হনুমান।  আজ্ঞে, গাছ চিনি নে। আর ঐ নীচেরটা—যমরাজা।
সকলে।  আরে, আরে করেছিস কিরে ব্যাটা? করেছিস কি?
২৪৬
সুকুমার সমগ্র রচনাবলী