রবীন্দ্রনাথ-কর্তৃক
বর্জিত রচনাংশ
বঙ্গদর্শন (১৩১১) ও আত্মশক্তি (১৩১২) উভয় স্থলেই ‘স্বদেশী সমাজ’ ও ‘‘স্বদেশী সমাজ’ প্রবন্ধের পরিশিষ্ট’ উভয়ের বিস্তৃততর পাঠ দেখা যায়। বঙ্গদর্শনের যে অংশগুলি সমূহ (১৩১৫) বা বর্তমান গ্রন্থ হইতে বর্জিত (অনেক সময় আত্মশক্তি হইতেও বর্জিত) সংখ্যার সংকেতে সেগুলির স্থান-নির্দেশ-পূর্বক অতঃপর সংকলিত হইল। প্রবন্ধের সূচনায় (বর্তমান গ্রন্থের পৃ ৫) বর্জিত—
১‘সুজলা সুফলা’ বঙ্গভূমি তৃষিত হইয়া উঠিয়াছে। কিন্তু সে চাতকপক্ষীর মতো উর্ধ্বের দিকে তাকাইয়া আছে, কর্তৃপক্ষীয়েরা জলবর্ষণের ব্যবস্থা না করিলে তাহার আর গতি নাই।
গুরু গুরু মেঘগর্জন শুরু হইয়াছে—গবর্মেণ্ট্ সাড়া দিয়াছেন— তৃষ্ণানিবারণের যা-হয়-একটা উপায় হয়তো হইবে— অতএব আপাতত আমরা সেজন্য উদ্বেগ প্রকাশ করিতে বসি নাই।
আমাদের চিন্তার বিষয় এই যে, পূর্বে আমাদের যে-একটি ব্যবস্থা ছিল, যাহাতে সমাজ অত্যন্ত সহজ নিয়মে আপনার সমস্ত অভাব আপনিই মিটাইয়া লইত, দেশে তাহার কি লেশমাত্র অবশিষ্ট থাকিবে না?
আমাদের যে-সকল অভাব বিদেশীরা গড়িয়া তুলিয়াছে ও তুলিতেছে, সেইগুলাই নাহয় বিদেশী পূরণ করুক। অন্নক্লিষ্ট ভারতবর্ষের চায়ের তৃষ্ণা জন্মাইয়া দিবার জন্য কর্জন্সাহেব উঠিয়া পড়িয়া লাগিয়াছেন, আচ্ছা, নাহয় অ্যান্ণ্ড্রয়ূল-সম্প্রদায় আমাদের চায়ের বাটি ভরতি করিতে থাকুন; এবং এই চায়ের চেয়েও যে জ্বালাময় তরলরসের তৃষ্ণা, যাহা প্রলয়কালের সূর্যাস্তচ্ছটার ন্যায় বিচিত্র উজ্জ্বল দীপ্তিতে উত্তরোত্তর আমাদিগকে প্রলুব্ধ করিয়া তুলিতেছে, তাহা পশ্চিমের সামগ্রী এবং পশ্চিমদিগ্দেবী
৯৯