আর তুমিও আমারই মত, আবার তোমার পরে তোমার বালিকারা ও তাহাদের শিষ্যাগণও তদ্রূপ হইবে। সুতরাং তুমি যাহা সর্ব্বাপেক্ষা ভাল বলিয়া বিবেচনা করিতেছ, আমি তাহাই করিতে তোমাকে সাহায্য করিব।”
তৎপরে ধীরা মাতা এবং জয়ার দিকে ফিরিয়া, যে শিষ্যাটি স্ত্রীগণের উন্নতি-বিধানকল্পে দণ্ডায়মানা হইবেন তাঁহার উপর তিনি পাশ্চাত্ত্যদেশে গমনকালে যে কি মহান্ দায়িত্ব অর্পণ করিয়া যাইবেন তৎসম্বন্ধে এবং উহা যে পুরুষগণের জন্য যে কার্য অনুষ্ঠিত হইবে তদপেক্ষা গুরুতর দায়িত্বপূর্ণ হইবে, এ বিষয়ে তাঁহাদিগকে বলিতে লাগিলেন। এবং আমাদের মধ্যে উক্ত সেবিকাটির (worker) দিকে ফিরিয়া আরও বলিলেন, “হাঁ, তোমার বিশ্বাস আছে, কিন্তু তোমার যে জ্বলন্ত উৎসাহ দরকার তাহা তোমার নাই। তোমাকে ‘দন্ধেন্ধনমিবানলম্’ হইতে হইবে। শিব। শিব!”—এই বলিয়া মহাদেবের আশীর্ব্বাদ প্রার্থনা করিয়া তিনি আমাদিগের নিকট রাত্রির মত বিদায় লইলেন এবং আমরাও অনতিবিলম্বে শয়ন করিলাম।
২৫শে জুলাই। পরদিন প্রাতঃকালে আমরা তাঁবুগুলির মধ্যে একটিতে সকাল সকাল প্রাতরাশ সম্পন্ন করিয়া অচ্ছাবল পর্যন্ত চলিলাম। আমাদের মধ্যে একজন স্বপ্ন দেখিয়াছিলেন যে, কতকগুলি পুরাতন রত্ন হারাইয়া গিয়াছিল, সেগুলি পুনরায় পাওয়া গিয়াছে, তখন তাহাদের সবগুলিই উজ্জ্বল ও নূতন হইয়া গিয়াছে। কিন্তু স্বামিজী ঈষৎ হাস্য করিয়া এই গল্প বলা বন্ধ করিয়া দিলেন এবং বলিলেন, “অমন ভাল স্বপ্নের কথা বলিতে নাই!”
১১৩