হিমালয়-অভিযান
হ্রদের তীরে
গিরিপথ পার হইয়া প্রায় দুই মাইল দূরে একটি সমতল ভূমিতে রাত্রিকালে বিশ্রাম করিলাম। এখানে কোনও ঘাস বা মিষ্ট জল পাওয়া গেল না, কিন্তু জ্বালানী কাঠের গাছ ছিল প্রচুর। এই জায়গাটির নাম তাইচিনার। এখানে দেখিলাম পূর্ব্ব হইতে পশ্চিম দিকে একটি গিরিশ্রেণী চলিয়া গিয়াছে। এই পর্ব্বতশ্রেণীর গোড়ার দিকটা বালুকাময় আর এই পর্ব্বতশ্রেণীর একটা বিশেষত্ব এই যে ইহার মধ্যদিকের শৃঙ্গগুলি বেশ উঁচু। এই গিরিশ্রেণীর একদিকে তাইচিনার জেলা এবং অন্য দিকে কোরলুক জেলা।
১৯শে ও ২০শে ডিসেম্বর। আমরা প্রায় সাড়ে চৌদ্দ মাইল পথ চলিয়া চাকাননামাগা নামক স্থানে আসিলাম। এইখানে একটি হ্রদের দক্ষিণ তীরে আমরা তাঁবু ফেলিলাম। এই হ্রদটির নাম থোসুনোর বা টোসুন। হ্রদটির দৈর্ঘ্য বারো মাইল এবং প্রস্থ হইবে প্রায় আট মাইল। এই হ্রদের জল লবণাক্ত এবং গন্ধকে পরিপূর্ণ। আমাদের তাঁবুর কাছে একটি উষ্ণপ্রস্রবণ ছিল—উহার জল উৎক্ষিপ্ত হইয়া হ্রদের জলের সহিত গিয়া মিশিয়াছে। আমাদের পানের এবং রন্ধনের জন্য হ্রদের উপরিভাগে যে বরফ ছিল তাহা হইতে জল সংগ্রহ করিতাম। আমরা যে স্থানে তাঁবু ফেলিয়াছিলাম সেখান হইতে চারিদিকে চারিটি পথ চলিয়া গিয়াছে।
১১৪