বিষয়বস্তুতে চলুন

পাতা:হিমালয়-অভিযান - যোগেন্দ্রনাথ গুপ্ত (১৯৪১).pdf/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পণ্ডিত কিষণ সিংহ

নিরুপায় ও নিরাশ হইয়া পড়িলাম। আর যে তাহাদের সহিত দেখা হইবে তাহারও কোন সম্ভাবনা রহিল না। কি করিব নিরুপায় হইয়া এখানে আমরা পাঁচ মাস ছাগল ও ঘোড়া চরাইতাম। কিন্তু এ-কাজ ভাল লাগিতেছিল না। শেষটায় স্থির করিলাম, যে সামান্য সম্বল আছে তাহা দ্বারা যতদিন চলিবে চলুক পরে না হয় ভিক্ষা করিয়া পথ চলিব।

 ৩রা জানুয়ারী (১৮৮১ খ্রীঃ অঃ)। এখানকার কয়েকজন লোক ছাগল এবং ভেড়া প্রভৃতির বিনিময়ে খাদ্য-শস্য-সংগ্রহ করিবার জন্য সাইতু যাইতেছিল। আমরাও আমাদের মনিবের অনুমতি লইয়া তাহাদের সঙ্গী হইলাম। মনিবটি অত্যন্ত ভদ্রলোক। তিনি প্রায় চল্লিশ টাকা মূল্যের একটি ঘোড়া দিলেন এবং পথে যাহাতে কোনরূপ ক্লেশ না হয় সে জন্য প্রচুর গরম কাপড় এবং খাদ্যের সংস্থান করিয়া দিলেন।

 আমরা প্রায় সাড়ে তিন মাইল পথ চলিয়া একটি ছোট নদী পার হইলাম। পূর্ব্বে যে দুইটি হ্রদের কথা বলিয়াছি এই নদীটি সেই হ্রদের সহিত মিলিত হইয়াছে। আমরা এখান হইতে প্রায় ত্রিশ মাইল দূরে একটি তুষারাবৃত পর্ব্বত-শ্রেণী দেখিতে পাইলাম, এই পর্ব্বত-শ্রেণীর নাম অমন-দা-পারো। সিরথ্যাংএর লোকেরা মনে করে এই স্থানে তাহাদের রক্ষকদেবতা শিবডাগ্ বাস করেন।

১২৫