৵৹
আমরা এই গ্রন্থে সর্ব্বজনবিদিত দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশের তিব্বত-যাত্রা এবং কুমারজীবের দুর্গম অভিযানের বিষয় বলিয়াই ঊনবিংশ শতাব্দীর দুর্গম যাত্রীদের কয়েকজনের পরিচয় প্রদান করিলাম।
১৮৬০ খ্রীষ্টাব্দে ক্যাপ্টেন মণ্টগোমেরি (Captain Montgomerie R E, F, R, S.) নামক ভারতীয় জরিপ বিভাগের (Indian survey office) একজন সুদক্ষ কর্ম্মচারী কয়েকজন ভারতবাসীকে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে কিভাবে অভিযান করিতে হয় তৎসম্বন্ধে শিক্ষা প্রদান করেন। তাঁহারা “Pundit Explorers” নামে অভিহিত হন। ইঁহাদের মধ্যে হিন্দু ও মুসলমান উভয় শ্রেণীর লোকই ছিলেন, যদিও ইঁহারা সকলেই পণ্ডিত নামে আখ্যাত হইতেন। ইহাদের কথা বলিতে গিয়া Captain J. B. Noel তাঁহার লিখিত “Through Tibet to Everest” নামক গ্রন্থে লিখিয়াছেন: “In 1860 Captain Montgomerie, an active officer of the Indian Survey, hit upon the idea of training certain intelligent Indians in the use of scientific instruments. They became known as the ‘Pundit Explorers.’ Thy were not all Hindus although styled Pundits.” আতা মুহম্মদ (Ata Mahomed) “মোল্লা” (The Mullah) নামে পরিচিত ছিলেন। ইনি সিন্ধু নদের উৎসসন্ধানে গমন করিয়া অসাধারণ সাহসিকতার ও কষ্টসহিষ্ণুতার পরিচয় দেন। আমরা এখানে তাঁহার লিখিত বিবরণ প্রকাশ করিয়াছি। মির্জা সুজা (Mirza Shuja) নামক পারশ্যদেশবাসী মুসলমান