বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

যাইয়া উপনীত হইল। দেখিল, ফিক্স গোয়েন্দা চিন্তাকুলচিত্তে জেটীর উপর ভ্রমণ করিতেছেন। জিয়েন হাস্য করিয়া আপন মনে বলিল, “সংস্কারসমিতির পক্ষে এটা শোভা পায় না!”

 তখনো বিলাতের পরোয়ানা আসিয়া পৌঁছিয়াছিল না। নিকট ভবিষ্যতে উহা আসিবার সম্ভাবনাও ছিল না। হংকংএ দস্যু ধৃত না হইলে তাহাকে ধরিবারও আর সুযোগ ছিল না। সুতরাং গোয়েন্দার হৃদয়মধ্যে যে কি ভীষণ চিন্তাতরঙ্গ উদ্বেলিত হইতেছিল, কি বিষম অস্থিরতা যে তাঁহাকে ব্যস্ত করিয়া তুলিয়াছিল, তাহা সহজেই অনুমেয়। জিয়েন সে দিকে লক্ষ্য না করিয়া হাসিয়া কহিল, “কি মিঃ ফিক্স, আপনিও কি তবে আমাদের সঙ্গেই আমেরিকা যাচ্ছেন?”

 দন্তে দন্তে ঘর্ষণ করিয়া ফিক্স কহিলেন,—

 “হাঁ যাচ্ছি বৈ কি।”

 উচ্চ হাস্য করিয়া জিয়েন বলিল, “তা’ বেশ ত আসুন না। আমি ত আগেই জানি, আপনি আমাদের ছাড়তে পারবেন না! আসুন―আসুন টিকেট কেনা যাক্।”

 উভয়ে তখন টিকেটঘরে গিয়া ৪ খানি টিকেট লইল। কেরাণী জানাইলেন, জাহাজের আবশ্যক সংস্কার শেষ হইয়াছে। প্রভাতে জাহাজ ছাড়িবার কথা ছিল বটে, কিন্তু সে সময় পরিবর্ত্তিত হইয়াছে। জাহাজ সেই সন্ধ্যাকালেই ছাড়া হইবে।

 “বেশ তা’তে আর অসুবিধা কি, যাই―মনির ম’শায়কে খবর দিগে,” এই বলিয়া জিয়েন অগ্রসর হইল। মিঃ ফিক্স দেখিলেন, ‘হয় এখনই—না হয় এ জীবনে আর নহে।’ তিনি একটী দুঃসাহসিক পন্থা অবলম্বন করিলেন। রাজপথে বাহির হইয়া জাহাজ ঘাটের নিকটে একটী দোকান দেখিয়া তিনি কহিলেন, “এস জিয়েন, কিছু জলযোগ করা যাক।”