বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টাদশ পরিচ্ছেদ—তঙ্কাদিরি
১০৭

 অদূরে দাঁড়াইয়া গোয়েন্দা ফিক্স এ সমস্ত দেখিতেছিলেন। তিনি নিকটে আসিয়া মিঃ ফগকে জিজ্ঞাসা করিলেন,―“আপনিই না কাল আমাদের সঙ্গে রেঙ্গুন জাহাজে এসেছিলেন?”

 “হাঁ। তা’ আপনার সঙ্গে ত আমার সাক্ষাৎ—”

 “ক্ষমা করবেন। আপনার ভৃত্যের সঙ্গে এখানে দেখা পাব বলেই এসেছিলাম।”

 রাণী আউদা তাড়াতাডি জিজ্ঞাসা করিলেন, “তার সন্ধান কি আপনি দিতে পারেন?”

 বিস্ময়ের ভাণ করিয়া গোয়েন্দা উত্তর করিলেন, “আমি? না। সে কি আপনাদের সঙ্গে আসে নাই! এ ত বড় আশ্চর্যা কথা!”

 “না সে ত আসে নাই। কাল থেকেই সে অনুপস্থিত। হয় ত বা সে কর্ণাটিক জাহাজে চলেই গেছে।”

 “সে কি আপনাদের রেখেই চলে’ যাবে? আপনারাও বুঝি ঐ জাগজে যেতে চেয়েছিলেন?”

 “হাঁ।”

 “আমিও যাব মনে করেছিলেম। জাহাজখানা চলে যাওয়াতে বড় অসুবিধা হয়েছে। আমি খবর নিয়েছিলেম, শুনলেম যখন ছাড়ার কথা তার ১২ ঘণ্টা পূর্ব্বেই জাহাজখানা ছেড়ে যাবার জন্য প্রস্তুত হয়েছিল। ১২ দিনের মধ্যে ত আর অন্য জাহাজ পাওয়া যাবে না। বড়ই অসুবিধা হ’ল!"

 কথা বলিতে বলিতে ফিক্সের নয়নের কোণে অধরের প্রান্তে একটু মৃদু হাসি দেখা দিল। সে হাসি সরল হাসি নহে—তাহা সয়তানের হাসি। সে মনে মনে ভাবিতেছিল, আর ৮ দিন—তাহা হইইে ত পরোয়ানা হস্তগত হইবে। আর ভয় কি?